শরীয়তপুরে ৪৫ ককটেল ও অস্ত্র উদ্ধার

আপডেট : ১২ জানুয়ারি ২০২৬, ০৩:৩৫ পিএম

শরীয়তপুরের জাজিরা উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ বিস্ফোরক ও দেশীয় অস্ত্র। সোমবার (১২ ডিসেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার বিলাসপুর ইউনিয়নের একাধিক গ্রামে এ অভিযান চালানো হয়। 

অভিযানে ৪৫টি ককটেল ও বিস্ফোরক দ্রব্যসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় এবং জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, সম্প্রতি বিলাসপুর এলাকায় একের পর এক বোমা বিস্ফোরণের ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য নাশকতা ঠেকাতেই এ অভিযান।

শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হোসেন বলেন, অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, গোয়েন্দা বিভাগ এবং বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা অংশ নেন। সেনাবাহিনীর প্রশিক্ষিত ডগ স্কোয়াড ব্যবহার করে অবিস্ফোরিত ককটেল শনাক্ত করা হয়। উদ্ধার হওয়া ককটেলগুলো বোম ডিসপোজাল ইউনিটের মাধ্যমে নিষ্ক্রিয় করার প্রক্রিয়া চলছে।

তিনি বলেন, আর কোথা থেকে ককটেল সরঞ্জামগুলো আসে তাও পর্যবেক্ষণ করা হচ্ছে। এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিলাসপুরের মুলাই ব্যাপারী কান্দি গ্রামে ককটেল তৈরির সময় বিস্ফোরণে দুইজন নিহত এবং একজন গুরুতর আহত হন। এতে বিপুল পরিমাণ বিস্ফোরক ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় ৫৩ জনের নাম উল্লেখ করে জাজিরা থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত