নির্বাচনী আচরণবিধি ও গণভোট নিয়ে বিজয়নগরে উঠান বৈঠক

আপডেট : ১২ জানুয়ারি ২০২৬, ০৮:১৯ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বপ্রস্তুতি হিসেবে নির্বাচনী আচরণবিধি ও গণভোট সংক্রান্ত তথ্য জনসাধারণকে জানাতে বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের সাতবর্গ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সোমবার (১২ জানুয়ারি) একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

জেলা তথ্য অফিসের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার দীপক চন্দ্র দাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাছিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক আবদুল কাইয়ুম, উপজেলা নির্বাচন অফিসার শাদমান সাকিব এবং সাতবর্গ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা বেগম।

উপজেলা নির্বাহী অফিসার হাছিবুর রহমান জানান, গণভোটে চারটি মৌলিক ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাব ভোটারদের সামনে উপস্থাপন করা হয়েছে। প্রস্তাবগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো:

(ক) নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জাতীয় সনদের নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে গঠন করা হবে।
(খ) আগামী জাতীয় সংসদ হবে দুইকক্ষবিশিষ্ট, যেখানে উচ্চকক্ষে ১০০ সদস্য থাকবেন এবং সংবিধান সংশোধনের জন্য উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ অনুমোদন প্রয়োজন হবে।
(গ) সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, মৌলিক অধিকার ও বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার, প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতির ক্ষমতা সহ ৩০টি বিষয়ে জাতীয় সনদের ঐকমত্য বাস্তবায়ন বাধ্যতামূলক হবে।
(ঘ) অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়িত হবে।

গণভোটে অংশগ্রহণকারী ভোটারগণ প্রস্তাবসমূহের পক্ষে মত প্রদান করতে চাইলে ব্যালট পেপারে 'হ্যাঁ ( √)’ এবং বিপক্ষে মত প্রদান করতে চাইলে না (x)’ চিহ্নে সিল প্রদান করবেন।

জেলা তথ্য অফিসার দীপক চন্দ্র দাস সমাপনী বক্তব্যের মাধ্যমে বৈঠকের সমাপ্তি ঘোষণা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত