মোস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে ভারতীয় মাটিতে অনুষ্ঠেয় ২০২৬ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এ পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) স্পষ্ট করে জানিয়েছে, বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজনের ভেন্যু বিষয়ে তারা এখনো আইসিসির চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।
রাতে এক বিবৃতিতে বিসিবি জানায়, ২০২৬ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং জাতীয় দল সংক্রান্ত বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে যে যোগাযোগের কথা সম্প্রতি উঠে এসেছে, সে বিষয়ে বিভ্রান্তি দূর করতেই তারা এই ব্যাখ্যা দিচ্ছে।
বিসিবির ভাষ্য অনুযায়ী, ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার মাধ্যমে যে চিঠির কথা উল্লেখ করা হয়েছে, সেটি মূলত বিসিবি ও আইসিসির নিরাপত্তা বিভাগের মধ্যকার অভ্যন্তরীণ যোগাযোগের অংশ। বিশ্বকাপের আগে বাংলাদেশের দলের সম্ভাব্য ঝুঁকি নিরূপণের লক্ষ্যেই এই চিঠি আদান–প্রদান হয়েছে। এটি ভারতের বাইরে ম্যাচ আয়োজনের বিষয়ে বিসিবির কোনো আনুষ্ঠানিক অনুরোধের সরাসরি জবাব নয়।
তবে বোর্ড জানিয়েছে, খেলোয়াড় ও দলের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে আইসিসির কাছে অনুরোধ জানিয়েছে—বিশ্বকাপের ম্যাচগুলো ভারত ছাড়া অন্য কোনো ভেন্যুতে আয়োজনের সম্ভাবনা বিবেচনা করার জন্য। এই বিষয়ে আইসিসির পক্ষ থেকে এখনো কোনো চূড়ান্ত বা অফিসিয়াল প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বিসিবির এই অবস্থান ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের বক্তব্যের প্রেক্ষাপট স্পষ্ট করেছে। এর আগে তিনি বাফুফে ভবনে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বলেন, মোস্তাফিজুর রহমান দলে থাকলে বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে। তিনি দাবি করেন, আইসিসির নিরাপত্তা বিভাগ থেকে পাঠানো একটি চিঠিতে বাংলাদেশের দলের জন্য সম্ভাব্য ঝুঁকির বিষয়গুলো উল্লেখ করা হয়েছে।
আসিফ নজরুল আরও বলেন, ভারতের ভেন্যুতে খেলার পরিবেশ যথাযথ নয় এবং দল ও খেলোয়াড়দের নিরাপত্তার স্বার্থে বিকল্প ভেন্যু বিবেচনা করা উচিত। তার ভাষ্য অনুযায়ী, আইসিসির নিরাপত্তা বিভাগ তিনটি বিষয়কে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে—বাংলাদেশ দলে মোস্তাফিজুর রহমানের অন্তর্ভুক্তি, বাংলাদেশি সমর্থকদের জাতীয় জার্সি পরে চলাচল এবং ভারতের নির্বাচন যত ঘনিয়ে আসবে, তত নিরাপত্তা পরিস্থিতির অবনতি।
