নতুন অবতারে শ্রাবন্তী

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬, ০১:০১ এএম

বাস্তব জীবনে সন্তানের মা টলিউড তারকা শ্রাবন্তী চ্যাটার্জি। এর আগে পর্দায়ও একাধিকবার মায়ের চরিত্রে অভিনয় করেছেন। এবার একেবারে নতুন রূপে ধরা দিতে যাচ্ছেন এই টলি সুন্দরী। তাই বলে দাদি! হ্যাঁ পর্দাতেই দাদি হচ্ছেন শ্রাবন্তী। আসন্ন এক ওয়েব সিরিজে তিনি অভিনয় করছেন ঠাকুমা চরিত্রে। ওটিটি প্ল্যাটফর্ম হইচই জানিয়েছে, চলতি মাসেই শুরু হতে যাচ্ছে তাদের নতুন ওয়েব সিরিজের শুটিং। সিরিজটি পরিচালনা করবেন অয়ন চক্রবর্তী। জানা গেছে, গল্পের পটভূমি বাংলার এক জেলার বনেদি পরিবার। একটি বিয়েকে ঘিরে সেখানে ধীরে ধীরে জমে ওঠে রহস্য। সেই রহস্যের জট খুলতে উদ্যোগী হন পরিবারের ঠাকুরমা। অর্থাৎ দাদির ভূমিকায় দেখা যাবে শ্রাবন্তীকে।

এর মাধ্যমে নতুন বছরের শুরুতেই শ্রাবন্তী ওয়েব সিরিজে কাজ করছেন। যদিও আগেই ইঙ্গিত দেওয়া হয়েছে, ঠাকুমা ও নাতনির দুরন্ত জুটি দর্শকদের জন্য বিশেষ আকর্ষণ হতে চলেছে। তবে নাতনির চরিত্রে কে অভিনয় করছেন, সে বিষয়ে প্রযোজনা সংস্থার পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। যদিও ইন্ডাস্ট্রি সূত্রে শোনা যাচ্ছে, সেই চরিত্রে থাকতে পারেন দিব্যানী মণ্ডল। ছোট পর্দার পরিচিত মুখ দিব্যানী। ‘ফুলকি’ ধারাবাহিক শেষ করার পর তিনি পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের একটি ছবিতে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন, যার শুটিং ইতিমধ্যেই শেষ হয়েছে। এবার তাকে দেখা যাবে ওয়েব সিরিজে। টলিপাড়ায় আলোচনায় রয়েছে শ্রাবন্তী ও দিব্যানীর মুখের মিল নিয়েও।

অনেকেই মনে করছেন, পর্দায় দাদি-নাতনির রসায়ন আরও বিশ্বাসযোগ্য করে তুলবে এই সাদৃশ্য। এই নতুন চরিত্র নিয়ে শ্রাবন্তী বলেন, ‘নতুন বছরে নতুন ধরনের গল্পের অংশ হচ্ছি। এবার ঠাকুমার চরিত্রে। গ্র্যান্ডচাইল্ডের সঙ্গে রহস্য সমাধান করব।’

সর্বশেষ সর্বাধিক পঠিত