গাবতলীতে প্রতিপক্ষের হামলায় নিহত ১, নারীসহ আহত ৪

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬, ১০:৫৭ এএম

বগুড়ার গাবতলীতে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আবু বক্কর সিদ্দিক (৫৫) নামে একজন নিহত হয়েছেন। সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার নেপালতলী ইউনিয়নের জাতহলিদা মধ্যপাড়া গ্রামে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে আরও চারজন। রাত ১০টার দিকে গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান আনিছ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আবু বক্কর সিদ্দিক ওই গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে। পেশায় কৃষক ছিলেন। আহতরা হলেন- একই গ্রামের জেমি খাতুন (৩৫), শিফা খাতুন (২৫), বৃষ্টি খাতুন (১৫) ও আতাউর রহমান (৫৫)। আহতরা বর্তমানে গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জাতহলিদা মধ্যপাড়া গ্রামের মৃত বুলু প্রামানিকের ছেলে মো. মন্টু, মো. বাবলু ও মো. মামুনের সাথে দীর্ঘদিন ধরে বাড়ির সীমানা নিয়ে আবু বক্কর সিদ্দিক ও আজিজার রহমানের ছেলে আতাউর রহমানের বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় সোমবার সন্ধ্যায় তারা তিনজনে মিলে আবু বক্কর সিদ্দিককে মারধর করতে থাকে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করে।

পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত হয়েছেন আতাউর রহমানসহ আরও চারজন।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) হুমায়ন কবির ও গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান আনিছ ঘটনাস্থল পরিদর্শন করেন।

গাবতলী মডেল থানার ওসি জানান, নিহতের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। দোষীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত