২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার আগেই জটিলতায় পড়েছেন যুক্তরাষ্ট্র জাতীয় দলের পেসার আলী খান। পাকিস্তান-বংশোদ্ভূত এই ফাস্ট বোলার দাবি করেছেন, তিনি ভারতের ভিসা পাননি। মঙ্গলবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সংক্ষিপ্ত একটি বার্তায় বিষয়টি প্রকাশ করেন আলী খান।
আগামী ৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ভারতের মুখোমুখি হওয়ার কথা যুক্তরাষ্ট্রের। সেই ম্যাচের আগে ভিসা না পাওয়ার খবর যুক্তরাষ্ট্র শিবিরে উদ্বেগ তৈরি করেছে। তবে আলী খান এ বিষয়ে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াসহ আরও কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, শুধু আলী খান নন—যুক্তরাষ্ট্রের আরও তিন ক্রিকেটার শায়ান জাহাঙ্গীর, এহসান আদিল ও মোহাম্মদ মোহসিনও ভারতীয় ভিসা পাননি। বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচ খেলতে শ্রীলঙ্কা সফরে থাকা যুক্তরাষ্ট্রের ১৮ সদস্যের দলে আছেন এই চারজন।
চার ক্রিকেটারের জন্মই পাকিস্তানে। তবে আলী খান ও শায়ান জাহাঙ্গীরের ভিসা না পাওয়ার বিষয়টি বেশি আলোচনায় এসেছে। কারণ, তাঁরা দুজনই যুক্তরাষ্ট্রের নাগরিক এবং মার্কিন পাসপোর্টধারী। অন্যদিকে এহসান আদিল ও মোহাম্মদ মোহসিনের কাছে রয়েছে শুধু পাকিস্তানি পাসপোর্ট। যুক্তরাষ্ট্রে বসবাসের ভিত্তিতেই তাঁরা দলে জায়গা পেয়েছেন।
এই পরিস্থিতির দিকে নজর রাখছে টুর্নামেন্টে অংশ নেওয়া বেশ কয়েকটি সহযোগী দেশ— ওমান, সংযুক্ত আরব আমিরাত ও ইতালি। কারণ তাদের দলে পাকিস্তান-বংশোদ্ভূত বা পাকিস্তানি নাগরিকত্বসম্পন্ন একাধিক খেলোয়াড় থাকার সম্ভাবনা রয়েছে। এমনকি ইংল্যান্ড দলেও পাকিস্তান বংশোদ্ভূত দুই ক্রিকেটার— আদিল রশিদ ও রেহান আহমেদ— রয়েছেন।
সাম্প্রতিক বছরগুলোতে ভারত-পাকিস্তানের কূটনৈতিক সম্পর্কের অবনতির কারণে ভিসা পাওয়া জটিল হয়ে উঠেছে। অতীতে ইংল্যান্ডের শোয়েব বশির ও সাকিব মাহমুদ এবং অস্ট্রেলিয়ার উসমান খাজাও ভিসা পেতে দেরির মুখে পড়েছিলেন, যদিও শেষ পর্যন্ত তারা অনুমতি পেয়েছিলেন। একই ধরনের সমস্যায় পড়েছিল পাকিস্তান দলও, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আগে।
২০২৪ টি–টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট পর্বে জায়গা করে নেওয়ায় ২০২৬ আসরে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে যুক্তরাষ্ট্র। গ্রুপ ‘এ’-তে তাদের চার ম্যাচের তিনটিই অনুষ্ঠিত হবে ভারতে। ভারতের বিপক্ষে উদ্বোধনী ম্যাচের পর ১০ ফেব্রুয়ারি কলম্বোয় পাকিস্তানের মুখোমুখি হবে তারা। এরপর চেন্নাইয়ে নেদারল্যান্ডস (১৩ ফেব্রুয়ারি) ও নামিবিয়ার (১৫ ফেব্রুয়ারি) বিপক্ষে দুটি ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্র।
