ময়মনসিংহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে ‘গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। গতকাল মঙ্গলবার বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে এবং ময়মনসিংহ জেলা প্রশাসনের সহযোগিতায় ময়মনসিংহ সার্কিট হাউজের কনফারেন্স রুমে এ কর্মশালা হয়। কর্মশালায় ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান। রিসোর্সপারসন হিসেবে বক্তৃতা করেন ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) কাজী জিয়াউল বাসেত এবং বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (উপসচিব) মো. আব্দুস সবুর।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল হাকিম বলেন, মানসম্মত, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা সাংবাদিকদের অন্যতম প্রধান দায়িত্ব। আসন্ন নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আসন্ন নির্বাচনে সততা, নৈতিকতা ও বস্তুনিষ্ঠতা বজায় রেখে সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশবাসীকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সাংবাদিকদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
