মুন্সিগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে বিরিয়ানি তৈরির অভিযোগে জরিমানা

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৬, ০৫:৩৩ পিএম

মুন্সীগঞ্জের সিরাজদীখানে অস্বাস্থ্যকর পরিবেশে কাচ্চি বিরিয়ানি তৈরির দায়ে একটি খাবার হোটেল মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ বুধবার (১৪ জানুয়ারি) দুপুর ১ টা থেকে ২ টা পর্যন্ত জেলার সিরাজদীখান উপজেলার ইছাপুরা চৌরাস্তায় এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। 

এসময় তিনি ‘শখের কাচ্চি অ্যান্ড বিরিয়ানি’ নামে হোটেলে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে কাচ্চি বিরিয়ানি, মোরগ পোলাও ও তেহারি প্রস্তুত করার পাশাপাশি প্রস্তুতকৃত খাবার উন্মুক্তভাবে সংরক্ষণ করা এবং একই ফ্রিজে কাঁচা মাংস ও রান্না করা খাবার একসঙ্গে রাখা এবং  বোরহানির বোতলে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকায় প্রতিষ্ঠানটির মালিক মো. ইলিয়াসকে সমুদয় জরিমানা করেন। 

একই সঙ্গে ভবিষ্যতে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণের জন্য তাকে সতর্ক করা হয়। অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর শাহ আলম মিয়া এবং সিরাজদীখান থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত