গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে ডাকসুর মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬, ০৭:৫১ এএম

আসন্ন জাতীয় গণভোটে ‘হ্যাঁ’ ভোটকে বিজয়ী করতে সারা দেশে মাসব্যাপী ১৫টি কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। “ ‘হ্যাঁ’ তে সিল দিন, নিরাপদ বাংলাদেশ বুঝে নিন” গণভোট নিয়ে জনসচেতনতা বাড়াতে এই কর্মসূচি নেওয়া হয়েছে। গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে মাসব্যাপী কর্মসূচিগুলো ঘোষণা করেন ডাকসুর সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম।

মাসব্যাপী ১৫টি কর্মসূচির মধ্যে রয়েছে, দেশ জুড়ে সরাসরি জনসংযোগ, অনলাইন ক্যাম্পেইন, প্রদর্শনী বিতর্ক, রাষ্ট্রীয় সংস্কার বিষয়ে সেমিনার, সুশীল সমাজ ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা, অনলাইন অ্যাক্টিভিস্টদের সঙ্গে আলোচনা, ‘জুলাই আহতদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা, গান-কবিতা ও ডকুমেন্টারি প্রকাশ, বক্তৃতা প্রতিযোগিতা, পথনাটক ও মাইম প্রদর্শনী, ছাত্র ও সামাজিক সংগঠনের সঙ্গে মতবিনিময় এবং সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠান সফরের মাধ্যমে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করা।

সংবাদ সম্মেলনে ডাকসুর পক্ষ থেকে জামায়াতে ইসলামী, বিএনপি, এনসিপিসহ দেশের সব ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দল, ছাত্রসংগঠন, পেশাজীবী সংগঠন, সুশীল সমাজ গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে গণজোয়ার সৃষ্টির আহ্বান জানানো হয়। সংবাদ সম্মেলনে ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মূল চেতনা ছিল বিদ্যমান রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা। সেই সংস্কার বাস্তবায়নের ঐতিহাসিক পথ হিসেবেই এই গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। গণভোটে অংশগ্রহণ ও ‘হ্যাঁ’ ভোট প্রদান জুলাই শহীদদের রক্তের পবিত্র আমানত রক্ষার দায়িত্ব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত