৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা শুরু ২২ মে

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬, ০৭:৫১ এএম

আগামী ২২-২৫ মে নিউ ইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার ৩৫তম আসর। ১৯৯২ সালে দেশের বাইরে বাংলা ভাষার বইকে কেন্দ্র করে যাত্রা শুরু করা এ মেলা এবার ৩৫ বছরের মাইলফলক স্পর্শ করছে। ‘যত বই, তত প্রাণ’ সেøাগান নিয়ে আগের বছরের মতো এবারও যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে মেলাটি বসবে।

গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মেলার আয়োজক সংস্থা মুক্তধারা ফাউন্ডেশন। সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য দেন ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬-এর আহ্বায়ক অর্থনীতিবিদ ড. নজরুল ইসলাম।

তিনি বলেন, এবারের বইমেলা আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ৩৫ বছরে এসে আমরা বাংলা ভাষার এই মেলাকে আমেরিকার মূলধারার সঙ্গে আরও বেশি সংযুক্ত করতে চাই। বাংলা ভাষা ও বাংলা বইকে আন্তর্জাতিক পরিসরে বিস্তৃত করার লক্ষ্যে নানা চিন্তা ও পদক্ষেপ নেওয়া হচ্ছে। সবার সহযোগিতায় বরাবরের মতো এবারও একটি সফল আয়োজন সম্পন্ন হবে বলে আশা করছি।

মুক্তধারা ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডা. জিয়াউদ্দিন আহমেদ বলেন, নিউ ইয়র্ক বইমেলার সবচেয়ে আনন্দের দিক হলো বাংলা বইকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র জুড়ে বাংলা ভাষাভাষী পাঠক-লেখকদের এক মিলনমেলা গড়ে ওঠে। এতে শুধু বাংলাদেশ বা পশ্চিমবঙ্গের লেখকরাই নন, ইউরোপসহ বিশে^র বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা লেখক-পাঠকরাও যুক্ত হন। প্রতি বছর মেলার পরিসর বাড়ছে এবং আরও বেশি মানুষ এর সঙ্গে সম্পৃক্ত হচ্ছেন যা সত্যিই আনন্দের। সংবাদ সম্মেলনটি সঞ্চালনা করেন ডা. ফারুক আজম।

 এ সময় আরও বক্তব্য রাখেন অধ্যাপক শামীম রেজা, যুক্তরাষ্ট্রপ্রবাসী কবি মইনুদ্দিন মুন্সী, কানাডাপ্রবাসী লেখক জসিম মল্লিক, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও কালের কণ্ঠ সম্পাদক কবি হাসান হাফিজ, কথাসাহিত্যিক সাদাত হোসেন, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ূব ভূইয়া প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত