মিথ্যা সংবাদে জড়িয়ে সম্মানহানির অভিযোগ চবি অধ্যাপকের

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬, ১১:১৫ এএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নিয়োগ প্রক্রিয়া নিয়ে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত একটি প্রতিবেদনে মিথ্যা ও বানোয়াট তথ্য যুক্ত করে সম্মানহানির অভিযোগ তুলেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রেজাউল আজিম।

বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে বিজ্ঞান অনুষদের ৩০৯নম্বর কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার নাম ব্যবহার করে ভ্রান্ত তথ্য প্রকাশ করা হয়েছে। যা তার ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক সম্মান ক্ষুণ্ন করেছে।

তিনি বলেন, গত ১০ জানুয়ারি দৈনিক সমকালের প্রিন্ট সংস্করণের দ্বিতীয় পৃষ্ঠায় ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এক সিন্ডিকেটে দেড় শতাধিক নিয়োগ’ শীর্ষক প্রতিবেদনে আমাকে ল্যাবরেটরি স্কুল ও কলেজের নিয়োগ বোর্ডের বিশেষজ্ঞ সদস্য হিসেবে উল্লেখ করা হয়, যা সম্পূর্ণ মিথ্যা।

এছাড়া প্রতিবেদনে আরও দাবি করা হয় যে তার স্ত্রী জান্নাতুন নাঈম ও শ্যালিকা জান্নাতুন আফরোজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি কলেজে নিয়োগ পেয়েছেন। বাস্তবে তাদের কেউই সেখানে নিয়োগ পাননি। এমনকি সর্বশেষ সিন্ডিকেট সভায় তার কোনো কাছের বা দূর সম্পর্কের আত্মীয়ের নিয়োগ হয়নি বলেও জানান তিনি।

অধ্যাপক রেজাউল আজিম বলেন, আমি কখনোই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল ও কলেজের শিক্ষক নিয়োগ বোর্ডের বিশেষজ্ঞ সদস্য ছিলাম না। তবু ইচ্ছাকৃতভাবে আমাকে ওই বোর্ডের সঙ্গে জড়িয়ে মিথ্যাচার করা হয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, বিষয়টি নিয়ে সমকালের বিশ্ববিদ্যালয় প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করলে তিনি মৌখিকভাবে দুঃখ প্রকাশ করলেও পত্রিকার পক্ষ থেকে এখনও কোনো লিখিত সংশোধনী বা প্রকাশ্য ক্ষমা প্রার্থনা জানানো হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত