নেত্রকোনা-৫

প্রার্থিতা ফিরে পেলেন জামায়াতের মাসুম মোস্তফা

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬, ০৭:৪১ পিএম

নির্বাচন কমিশনের আপিল রায়ে প্রার্থিতা ফিরে পেয়েছেন নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাসুম মোস্তফা।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নির্বাচন কমিশনে আপিল শুনানির সময় মামলা সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করলে কমিশন তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে। বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিজেই নিশ্চিত করেন মাসুম মোস্তফা।

এর আগে গত ৪ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিনে মামলা সংক্রান্ত জটিলতার তথ্য গোপনের অভিযোগে নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মাসুম মোস্তফার মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমান।

পরবর্তীতে নির্বাচন কমিশনে আপিল করে মামলার সব তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করেন তিনি। শুনানি শেষে নির্বাচন কমিশন উপস্থাপিত কাগজপত্র সন্তোষজনক বিবেচনায় তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।

প্রার্থিতা ফিরে পাওয়ার প্রতিক্রিয়ায় মাসুম মোস্তফা বলেন, ‘আমরা আমাদের অধিকার ফিরে পেয়েছি। সামান্য ত্রুটির কারণে আমার মনোনয়ন বাতিল হয়েছিল। অথচ রিটার্নিং কর্মকর্তা চাইলে তখনই আমার মনোনয়ন বৈধ ঘোষণা করতে পারতেন। আমি সকল প্রয়োজনীয় কাগজপত্রসহ মামলার যাবতীয় নথি নির্বাচন কমিশনে দাখিল করে আপিল করেছিলাম। আলহামদুলিল্লাহ, আপিলের রায় আমাদের পক্ষে এসেছে। নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের জনগণের কাছে দোয়া চাই। ইনশাআল্লাহ জনগণ আমাকে ভোট দিয়ে বিপুলভাবে বিজয়ী করবে।’

নেত্রকোনা-৫ আসনে বর্তমানে বিএনপির প্রার্থী মো. আবু তাহের তালুকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. নুরুল ইসলাম এবং জামায়াতে ইসলামীর মাসুম মোস্তফাসহ মোট তিনজন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত