শ্রীপুরে জেলের জালে উঠে এলো ৬ ককটেল 

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৬, ০২:৫৭ পিএম

গাজীপুরের শ্রীপুরে একটি পুকুরে জেলেরা মাছ ধরতে জাল টানার সময় পরিত্যক্ত একটি ব্যাগ উঠে আসে এক ব্যাগ। পরে সেই ব্যাগ খুলতেই চমকে যান জেলেরা। জালে উঠে আসা ব্যাগে বেশকিছু ককটেল পাওয়া যায়। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাব সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। ককটেলগুলোকে নিষ্ক্রিয় করতে ইতোমধ্যেই বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরাও ঘটনাস্থলে এসেছে বলে জানা গেছে। 

আজ শুক্রবার (১৬ জানুয়ারি) মাওনা ইউনিয়নের পিয়ার আলী সরকারি কলেজের পেছনের পুকুর থেকে উদ্ধার হয় ককটেলগুলো। এতগুলো ককটেল পাওয়ার খবর ছড়িয়ে পড়লে এলাকার মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয়দের ধারণা, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কোনো মহল আতঙ্ক ছড়াতে বা অপরাধ সংগঠিত করতে ককটেলগুলো জড়ো করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মাওনা পিয়ার আলী সরকারি কলেজের পেছনের পুকুরে জেলেরা মাছ ধরতে জাল ফেলেন। বেশ কয়েকবার জাল টানার শেষ দিকে জালে ভারি কিছু আটকা পড়ে। জেলেরা মনে করেন বড় কোনো মাছ পড়েছে জালে। কিন্তু জালে পুকুরের কিনারে ভিড়ালে জেলেরা ভয়ে আতকে উঠেন। তারা ব্যাগ খুলে লাল রঙের বোমা পান। পরে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দিলে তারা এসে সাবধানে ব্যাগ খুলে ছয়টি ককটেল উদ্ধার করেন। 

স্থানীয় বাসিন্দা ওয়াসিম জামান বলেন এতগুলো ককটেল পাওয়ার খবর ছড়িয়ে পড়লে এলাকার সবার মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তিনি বলেন, কদিন আগেই একই এলাকা থেকে পিস্তল ও গুলিসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এখন আবার বেশ কিছু ককটেল পাওয়া গেল। তিনি বলেন, সামনে নির্বাচনকে কেন্দ্র করে কোনো একটি মহল নিজের আধিপত্য ও মানুষের মাঝে ভয় ছড়াতেই অস্ত্র আর ককটেল জড়ো করছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর আছে বলে কোনো অরাজকতা সৃষ্টি করতে পারবে না।

জেলেরা জানান, আমরা মনে করেছিলাম বড় কোনো মাছ আটকা পড়েছে। তবে কোনো লাফালাফি  না থাকায় সন্দেহ হয়। পরে ব্যাগ দেখে খুলতেই আমরা ভয় পেয়ে যায়। 

এদিকে শ্রীপুর মডেল থানার ওসি নাছির আহমদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ ও সেনাবাহিনী ঘিরে রেখেছে। ধারণা করা হচ্ছে, এগুলো ককটেল। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা সজাগ আছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত