রাষ্ট্রের নয়, জনগণের ক্ষমতা বাড়াতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, রাষ্ট্রের ক্ষমতা বেশি বেড়ে গেলে জনগণের অসুবিধা হয়। ফ্যাসিজম সৃষ্টি হয়। জনগণ বলতে প্রত্যেকটি নাগরিককে শক্তিশালী হতে হবে। বিগত সময়ে রাষ্ট্রের ক্ষমতা বেড়ে যাওয়ায় জনগণ জিম্মি হয়ে গিয়েছিল। দেশ হতাশার অতল গহ্বরে তলিয়ে যেতে বসেছিল। তাই রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের ক্ষমতা বাড়ানোর সময় এসেছে আজ।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে চট্টগ্রাম সিম্যান্স হোস্টেলে ন্যাশনাল মেরিটাইম একাডেমি প্রাঙ্গণে চট্টগ্রাম ধর্ম উজ্জ্বল পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়ে বিএনপির এ নেতা বলেন, সকলের অধিকার আছে স্বাধীনভাবে কাজ করার। আমরা চাই আপনারা সমাজের প্রত্যেকটি জায়গায় অংশ নেন, আপনারা নেতৃত্বেও আসবেন।
সব জায়গায় নারীদের অংশগ্রহণ নেওয়ার প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন,নারীদের নেতৃত্বে আসতে হবে। তাদের আরও বেশি শক্তিশালী হতে হবে। টেকসই উন্নয়ন ও প্রকৃত পরিবর্তনের জন্য সব ক্ষেত্রে নারীদের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ক্যাপ্টেন আতাউর রহমান ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য ইসরাফিল খসরু। এছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল, রোকনউদ্দিন মাহমুদ, বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রুবেল বড়ুয়া, প্রীতম বড়ুয়া ডালিম,সুনীল চাকমা,বিপুল চাকমা,আলো চাকমা, শুকরজিৎ চাকমা, রবি চাকমা, জীবন চাকমা, বিদ্যাশয় চাকমা, সমুনি চাকমা প্রমুখ।