৮৫০ কোটি টাকা আত্মসাতের মামলায় নগরের পাহাড়তলী চক্ষু হাসপাতালের (সিআইআইটিসি) প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ট্রাস্টি অধ্যাপক ডা. রবিউল হোসেনের ছেলে রিয়াজ হোসেনকে গ্রেপ্তার করেছে পাহাড়তলী থানা পুলিশ।
গতকাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ১০টা নাগাদ পাহাড়তলী চক্ষু হাসপাতাল এলাকা থেকে খুলশী থানায় করা ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) তাকে আদালতে হাজির করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন নগরের পাহাড়তলী থানার ডিউটি অফিসার। সংশ্লিষ্ট সূত্র জানায়, রিয়াজ হোসেন ও তার বাবাসহ কয়েকজন মিলে প্রতিষ্ঠানের প্রায় ৮৫০ কোটি টাকা আত্মসাৎ করেছেন এমন অভিযোগে নগরের খুলশী থানায় মামলা দায়ের হয়। অর্থ আত্মসাৎ সংক্রান্ত অনিয়মের মামলায় রিয়াজ দীর্ঘদিন ধরে পুলিশের নজরদারিতে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
