ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির ভাই ওমর বিন হাদিকে যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশ সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। গত বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে ওমর বিন হাদির নিয়োগের শর্ত ও মেয়াদ উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ওমর বিন হাদিকে যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছর মেয়াদে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবুল হায়াত মো. রফিক ১৫ জানুয়ারি এই প্রজ্ঞাপনে সই করেন। জনস্বার্থে জারি করা এই আদেশে বলা হয়েছে, নিয়োগের অন্য শর্তাবলি সংশ্লিষ্ট চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। আরও বলা হয়, নিয়োগকালীন তিনি অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি কোনো প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কোনো ধরনের কর্মসম্পর্ক রাখতে পারবেন না। অর্থাৎ, এই মেয়াদে তাকে সম্পূর্ণ লিয়েন বা পেশাদারি বিচ্ছিন্নতা বজায় রেখে সরকারি দায়িত্ব পালন করতে হবে।
টঙ্গীতে বিক্ষোভ : হাদি হত্যার বিচারের দাবিতে ‘ভারতীয় আধিপত্যবিরোধী ছাত্র-জনতা’ ব্যানারে টঙ্গীতে গতকাল শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এশিয়া পাম্প এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে টঙ্গী কলেজগেট থেকে ফের এশিয়া পাম্পের সামনে এসে শেষ হয়। এতে ছাত্র-জনতা ও সাধারণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা শহীদ হাদি হত্যাকাণ্ডের দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানান এবং সব ধরনের আধিপত্যবাদী অপতৎপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সমাবেশে বক্তব্য দেন জুলাই আন্দোলনের যোদ্ধা লাবিব মুয়ান্নাদ, সাবেক শিবির নেতা আফিফ হাসান ইয়াকুব, তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্রসংসদের এজিএস মঈনুল ইসলাম ও মুর্তুজা হাসান ফুয়াদ। বক্তারা বলেন, শহীদ হাদির আত্মত্যাগ জাতিকে নতুন করে জাগ্রত করেছে এবং এই হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
এ সময় ইনকিলাব মঞ্চের সদস্য আর জে রিয়াদ টঙ্গীর খাঁ-পাড়া এলাকায় ‘ইনকিলাব কালচারাল সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা দেন।
