কালীগঞ্জ

কর্মচারীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ী, আটক ৩

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৬, ০৬:৪৮ পিএম

গাজীপুরের কালীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারধরের পর লিটন চন্দ্র ঘোষ নামের এক হোটেল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনার পর স্থানীয় জনতা তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করে। শনিবার (১৭ জানুয়ারী) দুপুরে কালীগঞ্জ পৌর কার্যালয় সংলগ্ন সাবেক এমপি জিতু মিয়ার মার্কেটে এ ঘটনা ঘটে।

নিহত লিটন চন্দ্র ঘোষ (৫০) পৌরসভার চান্দাইয়া গ্রামের মৃত নির্মল চন্দ্র ঘোষের ছেলে এবং ওই মার্কেটের একজন হোটেল ব্যবসায়ী।

আটকরা হলেন জনতা স্বপন (৫০), তার স্ত্রী মাজেদা (৪৮) ও ছেলে মাসুম (৩০)।

স্থানীয় জানায়, মার্কেটের পিছনের ভাড়াটিয়া পৌরসভার বালীগাঁও গ্রামের স্বপন মিয়ার রোপনকৃত কলাগাছের একটি ছড়ি শুক্রবার রাতে চুরি হয়। স্বপনের স্ত্রী মাজেদা শনিবার সকালে কলার ছড়িটি হোটেল কর্মচারীদের থাকার ঘরে খুঁজে পাওয়ার দাবি করে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মাজেদা তার স্বামী ও ছেলেকে ডেকে এনে হোটেল কর্মচারীদের মারধর করে। এসময় লিটন চন্দ্র ঘোষ কর্মচারীদের বাঁচাতে গেলে তারা তাকেও মারধর করে। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় লিটনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ইমরান খান জানান, নিহতের কপালে কাটা দাগ ও নাকে রক্ত জমাট ছিল। ধারনা করছি হামলার পর ঘটনাস্থালেই তার মৃত্যু হয়েছে। 

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি,তদন্ত) মো. আশরাফুল ইসলাম জানান, খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি। এ ঘটনায় স্বপন, তার স্ত্রী মাজেদা ও পুত্র মাসুমকে আটক করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত