ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের জন্য ‘বোর্ড অব পিস’ নামে একটি আন্তর্জাতিক শান্তি বোর্ড গঠন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প জানান, এই বোর্ড গাজায় অন্তর্বর্তী শাসনব্যবস্থা ও শান্তি প্রক্রিয়া তদারকি করবে। বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন ট্রাম্প নিজে। প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে রয়েছে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নাম। এ ছাড়া বোর্ডের নির্বাহী সদস্য হিসেবে আছেন ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার।
একটি বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান মার্ক রোয়ান, বিশ্বব্যাংকের প্রধান অজয় বাঙগা এবং যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা রবার্ট গ্যাব্রিয়েলও এই নির্বাহী বোর্ডে থাকবেন। পাশাপাশি জাতিসংঘের মধ্যপ্রাচ্যবিষয়ক সাবেক দূত নিকোলাই ম্লাদেনভ গাজায় উচ্চপর্যায়ের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন। গাজায় যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপ বাস্তবায়নের অংশ হিসেবে এই শান্তিপর্ষদ গঠন করা হয়।
