বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জুলাইয়ে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন ৭১-এর মতো তারাও মুক্তিযোদ্ধা। বিএনপি ক্ষমতায় গেলে জুলাই শহীদ ও আহত পরিবারের কষ্ট লাঘবে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মতো আরেকটি বিভাগ তৈরি করা হবে। জুলাইয়ে যেভাবে হত্যা করা হয়েছে এটা স্রেফ গণহত্যা।
রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ১৯৭১ সালে মুক্তিযোদ্ধাদের মতো দেশের সার্বভৌমত্ব রক্ষায় ২০২৪ সালে জুলাইযোদ্ধারাও ভূমিকা রেখেছেন। বিএনপি ক্ষমতায় গেলে জুলাই যোদ্ধাদের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে আলাদা বিভাগ খোলার প্রতিশ্রুতি দেন তারেক রহমান।
মতবিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এ ছাড়া মতবিনিময় সভায় অংশ নেন তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমানও।
মতবিনিময় সভায় প্রায় ১৪শ শহীদ ও আহত পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানানো হয়।
