কোকো’র বিরুদ্ধে কটুক্তি: ঈশ্বরদীতে অবাঞ্চিত আমির হামজা

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬, ০৬:০৪ পিএম

বিএনপি নেতাকর্মীরা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র মরহুম আরাফাত রহমান কোকো’র বিরুদ্ধে কটুক্তিমূলক বক্তব্য দেওয়ায় জামায়াত নেতা ও বিতর্কিত বক্তা আমির হামজার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন ঈশ্বরদীতে।

শনিবার রাতে ঈশ্বরদী কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে মিছিল শুরু হয়ে পোস্ট অফিস মোড় অতিক্রম করে ঈশ্বরদী হাসপাতাল সড়ক ও কলেজ রোড প্রদক্ষিণ করে চাঁদ আলী মোড় হয়ে পুরাতন রিক্সা স্ট্যান্ডে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিল ও সমাবেশে অংশগ্রহণকারীরা আমির হামজা’র বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন পাবনা জেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক ও পাবনা-৪ আসনের এমপি পদপ্রার্থী মো. জাকারিয়া পিন্টু। সভাপতির বক্তব্য দেন ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুদ্দিন আহমেদ মালিথা।

আয়োজিত কর্মসূচীতে উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল, আটঘরিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও মাঝপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ খাঁন, বিএনপি নেতা আনোয়ার হোসেন জনি, মোঃ নান্নু রহমান, জাহাঙ্গীর হোসেন, টুটুল সরদার, আক্কাস আলী খাঁন, পৌর তাঁতী দলের আহবায়ক খোন্দকার আমিরুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মামুনুর রশিদ নান্টু, সদস্য সচিব মাহামুদুর রহমান ফুল জুয়েল, ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান বিটু, ইমরান হোসেন সোহাগ ও মাহমুদুল ইসলাম শাওন প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মো. জাকারিয়া পিন্টু বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী স্বাধীনতার বিপক্ষে শক্তি। তারা রাজাকার ও মোনাফেক। আমির হামজা’র মতো একটি ব্যক্তি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকো’র বিরুদ্ধে অশালীন মন্তব্য করেছে। মিথ্যা ও কুরুচিপূর্ণ বক্তব্যের জন্য জাতীয় সম্প্রদায়ের কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত তাকে ঈশ্বরদীতে অবাঞ্চিত ঘোষণা করা হলো।’

জাকারিয়া পিন্টু আরও বলেন, ‘ধানের শীষ স্বাধীনতার পক্ষের প্রতীক, আর দাঁড়িপাল্লা স্বাধীনতার বিপক্ষের প্রতীক। ধানের শীষের আবেগকে কাজে লাগিয়ে একটি পক্ষ সুবিধা আদায়ের চেষ্টা করছে। গত ১৬-১৭ বছরে তারা কোথায় ছিল?’

প্রসঙ্গত, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আমির হামজা’র একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে তিনি প্রয়াত আরাফাত রহমান কোকোকে নিয়ে কুরুচিপূর্ণ ও মানহানিকর মন্তব্য করেন। এর পর থেকেই বিএনপি নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে বিক্ষোভে নামেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত