দুই মিনিট থাকলে একশন মুডেই থাকবো: সালাহউদ্দীন আম্মার

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬, ০৬:৫২ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) জিএস সালাহউদ্দীন আম্মার বলেছেন, ‘আমি সেইফে খেলা পছন্দ করি না। দুনিয়ায় দুই মিনিট থাকলে একশন মুডেই থাকব। আল্লাহ ছাড়া কাউরে ভয় পাওয়ার জন্য জন্মাইনি ইনশাআল্লাহ।’

রাজশাহী জেলা জিয়া পরিষদের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক মোহাম্মদ নেছার উদ্দিন তালুকদারের তারেক রহমানকে স্বাগত জানিয়ে টানানো ব্যানার ছিঁড়ে ফেলা প্রসঙ্গে নিজের ফেসবুক একাউন্টে এক পোস্টে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আম্মার বলেন, ‘পোষ্য কোটা নিয়ে যখন প্রো-ভিসি মাইনুদ্দিন স্যারের সাথে ঝামেলা হয়েছিল তখনও একশন মুডেই ছিলাম। সেইফে খেলি নাই। মাইনুদ্দিন স্যার জামায়াতপন্থী মানুষ এবং তখন জামায়াতের, ছাত্র শিবিরের স্থানীয়, ক্যাম্পাসের নেতাকর্মী এমনকি মির্জা গালিব সাহেবও আমাকে নিয়ে পোস্ট দিয়েছিলেন সমালোচনা করে।’

এর আগে দুপুর আড়াইটার দিকে তিনি ব্যানার ছিঁড়ে তিনি ফেসবুকে পোস্ট করেন। পরে তার ব্যানার ছেঁড়া নিয়ে সমালোচনার সৃষ্টি হয়। 

এ প্রসঙ্গে রাকসু জিএস বলেন, ‘আজকের ঘটনায়ও ছাত্রদল আমাকে বিভিন্ন বিশেষণ দিবে এটা ভালো করেই জানি। সেটা আপনাদের পলিটিকাল ব্যাপার। আপনারা রাজনীতি করেন সেইফে খেলার জন্য আর আমি প্রত্যেক সেকেন্ড একশনে থাকি পরিবর্তনের জন্য। আমি সত্যি বললাম- আমার সাথে কারও আদর্শ পুরোপুরি মিলবে না, আমি আদর্শ মিলাইতেও চাই না। আমাকে আপোষকারী বাদে শিবির, দল, বাম যা বলবেন আমার কোনো সমস্যা নাই।’

তিনি বলেন, ‘যারা বলেন লীগের সময় আমি কোথায় ছিলাম তারা আমার জীবনী জেনে নিবেন। আমি নির্বাসিত একজন সাংস্কৃতিক কর্মী ছিলাম যে ৮ বছর নিজের মাতৃভূমিতে যেতে পারেনি। আমি আমার সুস্থ বাবাকে আমার কারণে জেলে পাঠিয়েছি, পাগল বানিয়েছি, করোনার সময়েও বাড়িতে না যেতে পেরে একটা গুদামঘরে থেকেছি, আমি আমার শৈশব হারিয়েছি। আমার যুদ্ধের সাথে কারও যুদ্ধ মিলবে না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত