পিরোজপুরের ভা-ারিয়ায় আনোয়ার হোসেন মঞ্জুর দল জাতীয় পার্টির (জেপি) কমিটি গঠনের এক মাস যেতে না যেতেই দুজন সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ কিছু পদধারীরা জেপি ছেড়ে বিএনপিতে যোগদান করেছেন। গত শনিবার রাতে উপজেলার চড়খালী বিএনপির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় পার্টি (জেপি) ভা-ারিয়া উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জ্বল তালুকদার ও বর্তমান সাধারণ সম্পাদক ও সাবেক সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম সরোয়ার জমাদ্দার ও সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল হক রেজভী জোমাদ্দারসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা জাতীয়তাবাদী দলের নীতি ও আদর্শের প্রতি সম্মান জানিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) সাবেক এমপি অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) আকন কুদ্দুসুর রহমান, পরিবার কল্যাণবিষয়ক সম্পাদক ডা. রফিকুল কবির লাবুসহ পিরোজপুর জেলা বিএনপির নেতারা।
