সাভারে নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ উদ্বোধন

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬, ০৫:৫০ এএম

বাংলাদেশ নৌবাহিনীর উদ্যোগে গতকাল রবিবার সাভারের বিরুলিয়ার ছোট কালিয়াকৈরে ‘বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ সাভার’-এর উদ্বোধন করা হয়েছে। নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এটি উদ্বোধন করেন। এ সময় ঢাকা নৌ-অঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তা, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই ‘বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ, সাভার’-এর পরিচিতি তুলে ধরা হয়। অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন এবং শিশুদের গুণগত শিক্ষার পাশাপাশি মানবিক ও নৈতিক গুণাবলিসম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠার বিষয়ে দিকনির্দেশনা দেন। একই সঙ্গে তিনি স্কুলটির প্রচার, প্রসার, উন্নয়ন ও সফলতায় সরকারের পাশাপাশি সমাজের সর্বস্তরের সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

নৌবাহিনী দেশের সমুদ্র সীমার সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়ন ও মানবিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। একই সঙ্গে দেশের জনবলকে আধুনিক, মানসম্মত ও সময়োপযোগী শিক্ষা প্রদানের লক্ষ্যে নৌবাহিনী দেশের বিভিন্ন অঞ্চলে নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ স্থাপন করে যাচ্ছে। ‘শিক্ষাই প্রগতি’ এই মূলমন্ত্রকে সামনে রেখে প্রতিষ্ঠিত ‘বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ সাভার’  বর্তমানে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের মানসম্মত ও সময়োপযোগী শিক্ষা নিশ্চিতে বদ্ধপরিকর। একটি উন্নত ও সুশৃঙ্খল সমাজ গঠন ও শিক্ষার্থীদের জ্ঞানের আলোয় উদ্ভাসিত করার লক্ষ্যে প্রতিষ্ঠানটিতে রয়েছে লাইব্রেরি, কম্পিউটার ল্যাব, মাল্টিমিডিয়া ক্লাসরুম, ইনডোর প্লে এরিয়া, শিশুপার্ক ও বিস্তৃত খেলার মাঠ।

নৌবাহিনী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে ‘নৌবাহিনী অ্যাংকোরেজ স্কুল অ্যান্ড কলেজ খুলনা’ জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬-এ জেলা পর্যায়ের শ্রেষ্ঠ স্কুল নির্বাচিত হয়েছে।  আইএসপিআর

×
সর্বশেষ সর্বাধিক পঠিত