দীর্ঘদিন ধরে প্রবাসীরা ভোটাধিকার চেয়ে আসছেন। একই সঙ্গে দেশের অভ্যন্তরে নির্বাচনী কাজে ব্যস্ত সরকারি কর্মকর্তা ও কর্মচারী, যারা চাকরির প্রয়োজনে নিজ এলাকার বাইরে রয়েছেন, তারাও পোস্টাল বিডি অ্যাপে রেজিস্ট্রেশন করে আসন্ন ভোটে অংশ নিচ্ছেন। এরই মধ্যে প্রায় ৬ লাখ সরকারি চাকরিজীবী পোস্টাল বিডি অ্যাপে নিবন্ধন সম্পন্ন করেছেন। মন্ত্রিপরিষদ বিভাগের মাঠপ্রশাসন শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছেন, ৬৪ জেলার ডিসিই পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন। পোস্টাল বিডি অ্যাপের তথ্যানুযায়ী, এবার নিবন্ধন করেছেন মোট ৭ লাখ ৬১ হাজার ১৩৬ জন। তাদের মধ্যে সরকারি চাকরিজীবী ৫ লাখ ৭৫ হাজার ২০০ জন। নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত ১ লাখ ৬৯ হাজার ৬৪২ জন। আনসার ও ভিডিপি ১০ হাজার ১০ জন। কারাবন্দি ও আইনি হেফাজতে রয়েছেন এমন ব্যক্তি ৬ হাজার ২৮৪ জন। এবার, নিজ নির্বাচনী এলাকার বাইরে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারী, নির্বাচনী দায়িত্বে থাকা ব্যক্তি এবং কারাবন্দিরা পোস্টাল ব্যালট ব্যবস্থায় ভোট দিতে পারবেন। তবে আগে এ ব্যবস্থায় ভোট দিতে তেমন আগ্রহী ছিলেন না অনেকে। আজ প্রার্থিতা প্রত্যাহার ও আগামীকাল প্রতীক বরাদ্দের পর, অ্যাপসের মাধ্যমে নিবন্ধিত ভোটারদের সংশ্লিষ্ট আসনের প্রার্থী ও প্রতীক জানানো হবে। এরপর তারা ভোট দেওয়ার সুযোগ পাবেন।
বিভিন্ন দেশে পোস্টাল ভোট পদ্ধতির ব্যবহার রয়েছে। মেক্সিকো, ভারত, যুক্তরাষ্ট্র, কানাডা, এস্তোনিয়া, সুইজারল্যান্ডের মতো দেশগুলোতে এটি অনেক দিন ধরেই চলছে। সেখানে ভোটাররা ডাকযোগে ব্যালট পাঠিয়ে বা অনলাইন সিস্টেমের মাধ্যমে ভোট দেন। এরই মধ্যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন ভোটার নিবন্ধন করেছেন। গত ১৮ নভেম্বর শুরু হওয়া এই নিবন্ধন প্রক্রিয়া এরই মধ্যে শেষ হয়েছে। জেলাভিত্তিক নিবন্ধনে শীর্ষে রয়েছে কুমিল্লা। যেখনে রয়েছে ১ লাখ ১২ হাজার ৯০ জন। এরপর ঢাকা ১ লাখ ৮ হাজার ৭৫৫ জন এবং চট্টগ্রামে ৯৫ হাজার ২৯৭ জন। আসনভিত্তিক নিবন্ধনে ফেনী-৩ আসন ১৬ হাজার ৯৩ জন নিয়ে সবার ওপরে রয়েছে।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। গত বছরের অক্টোবর মাসে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছিলেন, ‘নির্বাচন কমিশন জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজনে। গণমাধ্যমের সহযোগিতা ছাড়া লেভেল প্লেয়িং ফিল্ড ও নির্বাচনের অনুকূল পরিবেশ তৈরি সম্ভব নয়। এজন্য সবার সহযোগিতা চাই। এআই-এর অপব্যবহার রোধে ইলেকট্রনিক মিডিয়ার ভূমিকা রাখতে হবে। এ ছাড়া প্রবাসী, নির্বাচনে যারা দায়িত্ব পালন করেন, সেসব সরকারি চাকরিজীবীর ভোটের ব্যবস্থা আমরা করব। সবাইকে সঙ্গে নিয়ে স্বচ্ছভাবে এই কার্যক্রম সম্পন্ন করতে চাই।’ সেই কথাই আজ বাস্তবে পরিণত হতে যাচ্ছে। নির্বাচন চলাকালে, সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। কারণ তারা নির্দিষ্ট দায়িত্ব পালনে ব্যস্ত থাকতেন অন্য কোনো এলাকায়। এবার তথ্যপ্রযুক্তির উন্নতির কারণে সে সুযোগ তৈরি হলো। তবে পোস্টাল ব্যালট নিয়ে যেন কোনো ধরনের বিতর্ক তৈরি না হয়। কারণ রাজনৈতিক দলগুলোর সর্বসম্মত সিদ্ধান্তে, একটি বিশেষ সময়ে ভোট হতে যাচ্ছে। সুতরাং মধ্যবর্তী সময়ে খুব সতর্কতার সঙ্গে অগ্রসর হতে হবে। কোনোভাবেই যেন আসন্ন নির্বাচনের গ্রহণযোগ্যতা এবং নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন না ওঠে।