প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, আমরা সরকার হিসেবে যখন জাতীয় সংসদ নির্বাচন করছি তখন আমরা দল নিরপেক্ষ। আমাদের নির্বাচন কমিশনকে সহায়তা করা ভিন্ন কোন কাজ নেই। কিন্তু আমরা যখন গণভোট করছি সেক্ষেত্রে কিন্তু আমরা নিরপেক্ষ না। আমরা চাচ্ছি জুলাই গণঅভ্যুত্থান গণমানুষের দ্বারা সমর্থিত হোক। কারণ মানুষের দ্বারাই এ জুলাই অভ্যুত্থান সম্ভব হয়েছে সুতরাং মানুষের দ্বারাই আইনগতভাবে সমর্থিত হোক। সেজন্যই আমরা একটা পক্ষ। আমরা চাচ্ছি হ্যাঁ ভোট জয় যুক্ত হোক।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চিত করা এবং গণভোটের বিষয়ে ভোটারদের সচেতনতা বৃদ্ধির জন্য এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।
উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, ২০২৪-এর আগে ১৯৯০ সালে একটি বড় আন্দোলন হয়েছিল। সেই আন্দোলনের সময় যারা জোটবদ্ধভাবে আন্দোলন করেছিল তারা নিজেদের মধ্যে একটা ঐক্যমতে পৌঁছিছিল এবং একটা দলিলে তারা সইও করেছিল। তারা নির্বাচিত হবার পরে কি কি কার্যক্রম সংস্কারের জন্য বাস্তবায়ন করবে। কিন্তু লক্ষ্য করা গেছে পরবর্তী সরকারগুলো সেগুলো বাস্তবায়ন করেনি। চব্বিশের জুলাই অভ্যুত্থানের আকাঙ্খাগুলো যদি সত্যিই টেকসই হতে হয় তাহলে শুধুমাত্র একটা দলিল আকারে আমরা যদি জুলাই সনদকে রেখে যাই এটা কতটুকু বাস্তবায়ন হবে এই সন্দেহ তৈরি হয়। যদি আমরা গণমানুষের সমর্থন আদায় করতে পারি তাহলে নির্বাচিত হয়ে যারা ক্ষমতায় আসবেন তারা সেগুলো বাস্তবায়ন করতে বাধ্য হবেন।
নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর পুলশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জণপ্রতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ, সাধারণ মানুষ, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
