বহিষ্কারের তালিকায় থাকা সারাদেশের আরও পাঁচ জনের পদ ফিরিয়ে দিয়েছে বিএনপি। মঙ্গলবার (২০ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বিএনপি।
দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ইতোপূর্বে সংগঠন বিরোধী কর্মকাণ্ডের জন্য যশোর জেলা বিএনপির সাবেক সদস্য এ কে শরফুদ্দৌলা, ময়মনসিংহ জেলাধীন হালুয়াঘাট উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল হামিদ, শেরপুর জেলাধীন নকল উপজেলা বিএনপির সদস্য মো. দেওয়ান গোলাম মামুন ও মো. রেজাউল করিমকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আজ ২০ জানুয়ারি ২০২৬ তারিখ তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
আরও বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য নওগাঁ জেলা মহিলা দলের সাবেক সভানেত্রী মোছা. মাসরেখা বানু চৌধুরী সীমাকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আজ ২০ জানুয়ারি ২০২৬ তারিখ তাদের অব্যাহতি আদেশ প্রত্যাহার করা হয়েছে।
