রাজধানীর হাজারীবাগে ঋণগ্রস্ততা ও পারিবারিক কলহের জেরে আরিফ (৩৫) নামের এক রিকশাচালকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। বুধবার (২১ জানুয়ারি) সকালে মনেশ্বর ২য় লেনের মাজার বটতলা এলাকার একটি বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, সকাল সাড়ে ১০টার দিকে পরিবারের সদস্যদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য তা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহিদ হাসান বলেন, আরিফ পেশায় রিকশাচালক ছিলেন এবং দীর্ঘদিন ধরে ঋণের চাপে ভুগছিলেন। ঋণ পরিশোধের জন্য তিনি ঘরের টিভি ও ফ্রিজ বিক্রি করেও দেনা শোধ করতে পারেননি। এসব বিষয় নিয়ে স্ত্রী রোকসানার সঙ্গে তাঁর পারিবারিক কলহ চলছিল।
পুলিশের সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করা হয়, মঙ্গলবার সকালে পারিবারিক ঝগড়ার পর স্ত্রী রোকসানা বাবার বাড়িতে চলে যান। পরে আরিফ তাঁকে আনতে গেলেও তিনি স্বামীর সঙ্গে ফিরতে রাজি হননি। একাই বাসায় ফিরে এসে মঙ্গলবার রাত ১১টা থেকে বুধবার ভোর সাড়ে ৪টা পর্যন্ত আত্মীয়স্বজনদের সঙ্গে সাংসারিক নানা বিষয় নিয়ে কথা বলেন তিনি।
এসআই জাহিদ হাসান আরও জানান, ভোর সাড়ে ৪টার পর থেকে সকাল ৭টার মধ্যে কোনো এক সময় পরিবারের অজান্তে নিজ কক্ষের দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন আরিফ। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে থানায় খবর দেন।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পরিবর্তন চাইলে ‘হ্যাঁ’ ভোট দিন : সাখাওয়াত হোসেন