অবৈধ মজুদ ও বেশি দামে এলপিজি বিক্রি, জরিমানা ৫০ হাজার

আপডেট : ২১ জানুয়ারি ২০২৬, ০৫:২১ পিএম

মানিকগঞ্জ পৌরসভার লঞ্চঘাট এলাকায় অবৈধভাবে এলপিজি সিলিন্ডার মজুদ ও সরকার নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২১ জানুয়ারি) দুপুর সাড়ে ৩টার দিকে শহরের লঞ্চঘাট এলাকায় একটি আবাসিক ভবনের নিচতলায় অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

অভিযানে দেখা যায়, খান ট্রেডার্সের মালিক লিটন দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই এলপিজি সিলিন্ডার মজুদ করে তা ফোনকলের মাধ্যমে গ্রাহকদের কাছে সরকার নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত ৫০০ থেকে ৬০০ টাকা বেশি দামে বিক্রি করে আসছিলেন। অভিযানে বাসাবাড়ির নিচতলার চারটি কক্ষ থেকে ২০৪টি খালি এবং ৩৪টি গ্যাসভর্তি এলপিজি সিলিন্ডার জব্দ করা হয়।

তবে এলপিজি ব্যবসা পরিচালনার জন্য প্রয়োজনীয় বিস্ফোরক পরিদপ্তর কিংবা সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষের অনুমোদন বা লাইসেন্স তার কাছে পাওয়া যায়নি। তিনি শুধুমাত্র একটি ট্রেড লাইসেন্স দেখিয়ে আবাসিক ভবনের নিচে কোনো সাইনবোর্ড ছাড়াই এই ঝুঁকিপূর্ণ ব্যবসা পরিচালনা করছিলেন। এছাড়া এলপিজি কোথা থেকে সংগ্রহ করা হয়েছে এবং কী দামে বিক্রি করা হয়েছে— এ সংক্রান্ত কোনো ক্রয়-বিক্রয়ের রশিদও দেখাতে পারেননি।

সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, শুধুমাত্র ট্রেড লাইসেন্স থাকলেই এলপিজির মতো দাহ্য ও ঝুঁকিপূর্ণ পণ্যের ব্যবসা করা যায় না। নির্ধারিত লাইসেন্স ছাড়া আবাসিক এলাকায় এভাবে গ্যাস মজুদ ও বিক্রি জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করে। পাশাপাশি সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি করায় ভোক্তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় ব্যবসায়ী লিটনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ধরনের অবৈধ ও ঝুঁকিপূর্ণ ব্যবসার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত