শাকসু নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রশিবিরের এক নেতার কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
বুধবার (২১ জানুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শাঁখারী বাজার মোড় প্রদক্ষিণ করে পুনরায় ক্যাম্পাসে প্রবেশ করে।
সমাবেশে বক্তারা ছাত্রশিবির নেতার মন্তব্য প্রত্যাহার এবং প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রবিউল আউয়াল পারভেজ বলেন, ‘স্বাধীনতা ও গণতন্ত্রের প্রশ্নে আমরা আপসহীন। দেশনেতা তারেক রহমানকে নিয়ে এ ধরনের মিথ্যা ও কুরুচিপূর্ণ মন্তব্য আমরা কখনোই মেনে নেব না।’
যুগ্ম আহ্বায়ক মাহমুদ হক বলেন, ‘যারা দীর্ঘদিন গোপনে থেকে এখন প্রকাশ্যে এসেছে, তাদের আচরণে আমরা বিস্মিত। ভদ্রতাকে দুর্বলতা ভাবলে ভুল করবেন। আমরা শান্তিপূর্ণ ক্যাম্পাস রাজনীতিতে বিশ্বাস করি।’
সমাবেশে ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু ধারার রাজনীতি চলছে। যারা অতীতে ছাত্রলীগের সঙ্গে সুবিধাভোগী রাজনীতি করেছে, তারাই আজ দেশনেতার বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছে। আমরা শান্তিপূর্ণ রাজনীতি করছি, তবে আমাদের সহনশীলতাকে দুর্বলতা ভাবলে ভুল হবে।’ তিনি তারেক রহমানের সিলেট সফর নিয়ে করা মন্তব্যের তীব্র নিন্দা জানান।
সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, ‘সমালোচনার অধিকার সবার আছে, কিন্তু তা যদি ফ্যাসিবাদী আচরণে পরিণত হয়, তাহলে ছাত্রদল তা প্রতিহত করবে। সহনশীলতার রাজনীতি করতে হলে বক্তব্যেও শালীনতা বজায় রাখতে হবে।’
ছাত্রদল নেতারা বলেন, জকসুসহ সব নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তারা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন। ভবিষ্যতেও গণতন্ত্র ও শিক্ষার্থীদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলন অব্যাহত থাকবে।
উল্লেখ্য, এর আগে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির মানববন্ধন কর্মসূচি পালন করে। ওই মানববন্ধনে ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল শাকসু নির্বাচন না হলে তারেক রহমানের সিলেট সফর ঘিরে বিতর্কিত মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। এর প্রতিবাদে জবি ছাত্রদল বিবৃতি ও মানববন্ধনসহ কর্মসূচি পালন করে।
