নরসিংদীতে তারেক রহমানের পথসভায় লক্ষাধিক জনসমাগমের আশা

আপডেট : ২১ জানুয়ারি ২০২৬, ০৯:০০ পিএম

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান শেষে দেশের মাটিতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফিরেই মায়ের আদর্শ বাজায় রেখে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারণায় পূণ্যভূমি সিলেট সফর করবেন।

বৃহস্পতিবার সিলেট থেকে ফেরার পথে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে নরসিংদীর বাসাইল এলাকায় পথসভা করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এই সভাকে কেন্দ্র করে নেতা-কর্মীদের মাঝে দেখা দিয়েছে উৎসবের আমেজ। দলের চেয়ারম্যানের আগমনের দিন-ক্ষণ গুনছেন সমর্থকরা। জেলা বিএনপি বলছে লক্ষাধিক মানুষ প্রিয় নেতাকে নরসিংদীতে বরণ করে নিবে।

জেলা বিএনপি জানায়, ২০১৩ সালে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে নরসিংদী শহরের বাসাইলের পৌর পার্কে সর্বশেষ নরসিংদী সফর করেছিলেন বিএনপি চেয়ারপার্সন সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়া। আগামী ২২ জানুয়ারি সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করে ঢাকায় ফেরার পথে একই মাঠে পথসভার কথা রয়েছে তার। এতে তৃণমূল নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে উৎসবের আমেজ। প্রিয় নেতাকে কাছ থেকে দেখার তর যেন সইছেনা তাদের। বিপুল উৎসাহে প্রিয় নেতার পথসমাবেশে যোগ দিতে নিচ্ছেন নানান প্রস্তুতি।

জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ বলেন, তারেক রহমানের বক্তৃতার মধ্য দিয়েই নরসিংদীতে নির্বাচনী প্রচারণা শুরু হবে। আসন্ন নির্বাচনে নরসিংদীর ৫টি আসনে ধানের শীষের প্রতীকের প্রার্থীদের বিজয়ী করে তারেক রহমানকে উপহার দিতে চাই।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী বলেন, তারেক রহমানের সমাবেশ স্থলের নিরাপত্তায় ৭০০ স্বেচ্ছাসেবী কাজ করবে। প্রিয় নেতাকে বরণে সভায় মানুষের ঢল নামবে। আমরা আশা করছি সমাবেশে তারেক রহমানের বক্তব্যের মধ্য দিয়ে নতুন প্রাণের সঞ্চার হবে তৃনমূল নেতা-কর্মীদের মাঝে।

বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেন, আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমানের আগমনে জেলা বিএনপির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। নরসিংদীতে এবার স্মরণকালের বড় সভা হবে।

তিনি আরও বলেন, সভায় দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করবে। আমরা তারেক রহমানের বক্তব্য শোনার জন্য অধির আগ্রহে রয়েছি। লাখো জনতার সমাগমস্থল শান্তিপূর্ণ করতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়াও দলের পক্ষ থেকেও নানা ব্যবস্থা নেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত