ফ্ল্যাট ছাড়াও কোটি টাকা পাবে ওসমান হাদির পরিবার

আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ০৭:৫৫ এএম

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির পরিবারকে ঢাকায় একটি ফ্ল্যাট কেনার জন্য কোটি টাকা অনুদান দেওয়ার পাশাপাশি পরিবারের জীবনযাপনের ব্যয় নির্বাহে আরও ১ কোটি টাকা সহায়তা দেবে সরকার। গতকাল বুধবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

অর্থ উপদেষ্টা বলেন, হাদির পরিবারের বিষয়ে দুটি ব্যাপার হয়েছে। একটা অর্থ মন্ত্রণালয় থেকে হাদির পরিবারকে ১ কোটি টাকা দেওয়া হবে ফ্ল্যাট বা বাড়ির জন্য। এই টাকার পুরোটা হয়তো লাগবে না। ১ কোটি টাকা আলাদাভাবে দেওয়া হচ্ছে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে। সেটা তাদের জীবিকা নির্বাহের জন্য।

এর আগে হাদির ভাইকে যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশের সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়। এখন আবার তার পরিবারকে ফ্ল্যাটের জন্য ১ কোটি এবং জীবনযাপনের জন্য ১ কোটি টাকা দেওয়া হচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা আমাকে জিজ্ঞাসা করে লাভ নেই।’ তিনি জানান, অর্থ মন্ত্রণালয় ইতিমধ্যেই ১ কোটি টাকার অনুমোদন দিয়েছে।

অর্থ বিভাগের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শরিফ ওসমান বিন হাদির পরিবারকে ফ্ল্যাট কেনার জন্য অনুদান দেওয়ার বিষয়ে সম্প্রতি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়ে আবেদন করে। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে অর্থ বিভাগ শরিফ ওসমান বিন হাদির স্ত্রী ও সন্তানের পরিচয় নিশ্চিত হওয়ার শর্তে অনুদান দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত