যশোরের চৌগাছায় বাবা রবিউল ইসলামের কোদালের হাতলের আঘাতে আহত ছেলে তরিকুল ইসলামের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২১ জানুয়ারি) মধ্যরাতে তিনি মারা যান। গত ২০ জানুয়ারি সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার জাহাঙ্গীরপুর দক্ষিণপাড়া গ্রামের এঘটনা ঘটে।
নিহত তরিকুল ইসলাম (৩৫) ওই গ্রামের রবিউল ইসলামের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য শরীফ উদ্দিন জানান, ২০ জানুয়ারি সকাল সাড়ে ৯টার দিকে নিজেদের বসতবাড়ির সামনে মুদি দোকানের ভেতরে তরিকুল ইসলাম ঘুমিয়ে ছিলেন। এসময় তার বাবা রবিউল ইসলাম (৫৭) কোদালের হাতল (আছাড়ি) দিয়ে আঘাত করেন। এতে তরিকুল মারাত্মক আহত হলে স্থানীয়রা চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। অবস্থায় অবনতি হওয়ায় বুধবার (২১ জানুয়ারি) দুপুরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ভোর রাতের দিকে তার মৃত্যু হয়।
ছেলেটি বাবার একমাত্র সন্তান হলেও মাদকাসক্ত ও তিনটি বিয়ে করায় নিয়ে পারিবারিক কলহ চলছিল বলে জানান তিনি।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, বাবার হামলায় আহত তরিকুল ইসলাম ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
