ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণের অংশ হিসেবে নাটোরের বাগাতিপাড়া উপজেলা সফর করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল থেকে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ঘুরে দেখেন ইইউ প্রতিনিধি ভোল্ডেমারস ডুডুমস ও জেনি গুস্তাফসন।
তাদের সঙ্গে বাংলাদেশি দোভাষী হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার সামি আবিদ ফায়েজ।
প্রতিনিধি দলটি বাগাতিপাড়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ও উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পাশাপাশি নির্বাচন পরিচালনা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন, জেলা নির্বাচন কর্মকর্তা নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা জিন্নাত আরা জলি, বাগাতিপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইদুর রহমান, বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ মনজুরুল ইসলামসহ স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ।
ইইউ প্রতিনিধি দলের সদস্যরা জানান, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ইউরোপীয় ইউনিয়নের একটি দীর্ঘমেয়াদি নির্বাচন পর্যবেক্ষক দল বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে। এই দলের অংশ হিসেবে তিন সদস্যের একটি পর্যবেক্ষক দল নাটোর, পাবনা ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন অংশীজন ও স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় করছে।
উল্লেখ্য, ২২ জানুয়ারি থেকে সারাদেশে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি একযোগে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।
