কক্সবাজার টেকনাফে প্রায় ২ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ৫০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ৭টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক কেরুনতলী সংলগ্ন হাইওয়ে সড়কে এলাকায় অভিযান চালায়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১টি সিএনজিতে তল্লাশি চালিয়ে প্রায় ২ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ৫০ হাজার পিস ইয়াবাসহ এক জন মাদক পাচারকারীকে আটক করা হয়।
জব্দকৃত ইয়াবা, পাচারকাজে ব্যবহৃত সিএনজি ও আটককৃত মাদক পাচারকারীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান কোস্ট গার্ডের ওই কর্মকর্তা।