ঢাকা, সিলেট, রংপুর, রাজশাহীসহ দেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর সাম্প্রতিক হামলার প্রতিবাদে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের চলছে ইন্টার্নদের কর্মবিরতি। হামলার বিচার ও নিরাপত্তার দাবিতে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছে রামেক হাসপাতালের ইন্টার্ন ডক্টরস সোসাইটি। এতে দুর্ভোগে পড়েছে রোগীরা।
জানা গেছে, গতকাল সকাল সাড়ে ১০টায় হাসপাতালের সামনে মানববন্ধন করেন ইন্টার্ন চিকিৎসকরা। এতে মানববন্ধন শেষে তারা হাসপাতালের পরিচালকের কাছে একটি স্মারকলিপি দেন। স্মারকলিপিতে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতকল্পে বেশ কিছু সুনির্দিষ্ট দাবি উত্থাপন করা হয়।
তাদের দাবিগুলো হলো সুচিকিৎসা নিশ্চিত করতে রোগীর সঙ্গে আসা অতিরিক্ত স্বজন বা অ্যাটেনডেন্ট নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ, অ্যাটেনডেন্ট কার্ড ছাড়া হাসপাতালে বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণ বন্ধ করা, প্রতিটি অ্যাডমিশন ওয়ার্ডে নিরাপত্তা নিশ্চিত করতে ২৪ ঘণ্টা আনসার সদস্য মোতায়েন রাখা, দায়িত্ব পালনে কোনো আনসার সদস্য ব্যর্থ হলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ, নিরাপত্তার স্বার্থে পুলিশ ও আনসারের সমন্বয়ে একটি বিশেষ ‘র্যাপিড রেসপন্স টিম’ গঠন, এর আগে সংগঠিত সব হামলার বিচার নিশ্চিত করা এবং সোশ্যাল মিডিয়ায় হাসপাতালের চিকিৎসা কার্যক্রম নিয়ে ছড়ানো অপপ্রচারমূলক ভিডিও অপসারণসহ দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া।
মানববন্ধনে রাজশাহী মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক প্রতিনিধি ডা. তানভীর আহমেদ তৌকির বলেন, ‘একের পর এক হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলা হচ্ছে। অথচ আমাদের নিরাপত্তার জন্য কোনো স্থায়ী সমাধান নেওয়া হচ্ছে না।’
এদিকে কর্মবিরতির কারণে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা পড়েছে ভোগান্তিতে। বিশেষ করে চিকিৎসক সংকটের কারণে তারা সেবা পাচ্ছে না এমনটি অভিযোগ তাদের।
