যশোরে জাতীয় পার্টির নির্বাচনী প্রচারণায় হামলার অভিযোগ

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ০৫:০০ এএম

যশোর শহরে জাতীয় পার্টির নির্বাচনী প্রচারণা চলাকালে হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যার পর আনুমানিক সাতটার দিকে শহরের তালতলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগে বলা হয়েছে, প্রচারণায় ব্যবহৃত মাইক ভাঙচুর করা হয় এবং ব্যানার ছিঁড়ে ফেলা হয়।

জাতীয় পার্টির পক্ষ থেকে দাবি করা হয়েছে, স্থানীয় জামায়াত ইসলামীর কর্মী–সমর্থকেরা পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। ঘটনার সময় এলাকায় কিছুক্ষণ উত্তেজনা বিরাজ করলেও বড় ধরনের কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। বিষয়টি নিয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, শহরের বেজপাড়া তালতলা মাছ বাজার মোড় এলাকায় অজ্ঞাতনামা ১০০ থেকে ১৫০ জন লোক মিছিল নিয়ে এসে তিনটি ইজিবাইক থামিয়ে জোরপূর্বক প্রচারণা বন্ধ করে দেয়। এ সময় একটি ইজিবাইকে লাগানো প্রার্থীর ব্যানার টেনে ছিঁড়ে ফেলা হয়। ঘটনাস্থলে থাকা জেলা স্বেচ্ছাসেবক পার্টির সদস্যসচিব শেখ মুকুল হোসেন প্রতিবাদ জানালে তাঁর সঙ্গে মারমুখী আচরণ করা হয় এবং বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।

যশোর-৩ (সদর) আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী খবির গাজী এ বিষয়ে বলেন, জামায়াতের কর্মীরা এই হামলা করেছে। থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। প্রচারণার দ্বিতীয় দিনে এ ঘটনায় আমি উদ্বিগ্ন। এমন ঘটনা ঘটলে তো সুষ্ঠভাবে নির্বাচন করা সম্ভব হবে না। প্রশাসন একপাক্ষিক আচরণ করছে। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড পাচ্ছি না।

অন্যদিকে, অভিযোগ প্রসঙ্গে যশোর-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামী বাংলাদেশ মনোনীত প্রার্থী আব্দুর কাদের সাংবাদিকদের জানিয়েছেন, ঘটনার বিষয়ে তারা অবগত নন।

এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত