চট্টগ্রাম-১০

ইনসাফভিত্তিক রাজনীতির প্রতিশ্রুতি দিলেন অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ০৭:৩০ এএম

চট্টগ্রাম-১০ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, দেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে চলে আসা মিথ্যা প্রতিশ্রুতির চক্র ভাঙাই তাদের মূল লক্ষ্য। তিনি বলেন, ভোটের সময় দেওয়া বড় বড় আশ্বাস নয়, বরং ন্যায় ও ইনসাফভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠা করতে চান তারা।

শুক্রবার (২৩ জানুয়ারি) চট্টগ্রামের সরাইপাড়া এলাকায় গণসংযোগকালে অধ্যক্ষ হেলালী বলেন, জনগণ বারবার প্রতারণার শিকার হয়েছে। নির্বাচনের সময় নানা বড় আশ্বাস দেওয়া হলেও বাস্তবে মানুষ ন্যায়বিচার ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে। আমরা সেই পথে যাই না। আমাদের লক্ষ্য মানুষের প্রকৃত কল্যাণ নিশ্চিত করা।

তিনি আরও উল্লেখ করেন, চট্টগ্রাম-১০ আসনের মানুষ শান্তি, নিরাপত্তা ও সুবিচার চায়। ধর্ম বা বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের অধিকার রক্ষা করা হবে তাদের প্রধান অঙ্গীকার। অধ্যক্ষ হেলালী বলেন, দুর্নীতি, দখলদারিত্ব ও অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থান নিয়ে আমরা একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে চাই।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, অতীতে যারা ক্ষমতায় ছিলেন, তাদের কর্মকাণ্ডের হিসাব জনগণকে নিতে হবে। মিথ্যা আশ্বাস ও ফাঁকা কথায় বিভ্রান্ত না হয়ে ইনসাফ ও ন্যায়ের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। সমর্থন পেলে কেবল কথা নয়, কাজের মাধ্যমে প্রতিশ্রুতি বাস্তবায়নেরও অঙ্গীকার জানান।

গণসংযোগকালে তিনি স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং শান্তিপূর্ণভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ, ইঞ্জিনিয়ার মঞ্জুরুল ইসলাম, অ্যাডভোকেট জোবায়ের, আবুল হাসেম চৌধুরী, নুরুল ইসলাম নুরু, মাসুদসহ অন্যান্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত