ফিক্সিংয়ে অভিযুক্ত বিসিবি পরিচালকের পদত্যাগ

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ০৭:৫৪ এএম

বিপিএলে ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগ ওঠায় পদত্যাগ করেছেন বিসিবির পরিচালক মোখলেসুর রহমান শামীম। অফিশিয়াল ফেসবুক পোস্টে বিসিবি পরিচালক এবং অডিট কমিটির চেয়ারম্যানসহ সব দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার কথা জানিয়েছেন তিনি। তবে তিনি এটাও জানান যে দায়িত্ব থেকে তার অব্যাহতি দোষ স্বীকার নয় বরং প্রতিষ্ঠানের মর্যাদা রক্ষায় তার দায়বদ্ধতার বহিঃপ্রকাশ।

সম্প্রতি ফ্রিল্যান্স ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিম তার এক প্রতিবেদনে দাবি করেন, ‘এবারের বিপিএলে সিলেট পর্বে নোয়াখালী এক্সপ্রেসের ম্যাচে ফিক্সিংয়ের সঙ্গে জড়িত শামীম। সিলেটের নূরজাহান হোটেলে ম্যাচ গড়াপেটায় যুক্তদের একত্র করতেন বোর্ড পরিচালক শামীম। সেখান থেকেই নিজেদের লোকদের সঙ্গে ফিক্সিংয়ের ব্যাপারে আলাপ হতো আলোচিত এই পরিচালকের। পরিকল্পনা, টাকা-পয়সার ব্যাপারসহ সবকিছুই নাকি নিয়ন্ত্রণ করেছেন শামীমই।’

নিজের বিরুদ্ধে অভিযোগের জবাব দিয়েছেন বিসিবি নির্বাচনে ক্যাটাগরি ১-এর রাজশাহী বিভাগ থেকে পরিচালক নির্বাচিত মুখলেসুর রহমান শামীম, ‘সাম্প্রতিক সময়ে আমার বিরুদ্ধে ওঠা অভিযোগের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অডিট কমিটির চেয়ারম্যানসহ আমার সব দায়িত্ব থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি, যেন একটি সম্পূর্ণ নিরপেক্ষ, স্বচ্ছ ও গ্রহণযোগ্য তদন্ত নিশ্চিত করা যায়। এটি কোনোভাবেই দায় স্বীকার নয়; বরং দেশের ক্রিকেট ও প্রতিষ্ঠানের মর্যাদা অক্ষুণœ রাখার প্রতি আমার দায়বদ্ধতার প্রকাশ।’

অব্যাহতির সিদ্ধান্ত কষ্টের হলেও প্রতিষ্ঠানের স্বার্থের বিবেচনায় এমনটা করেছেন জানিয়ে শামীম বলেন, ‘এই সিদ্ধান্ত নেওয়া কষ্টের হলেও বিশ্বাস করি, ব্যক্তিগত অবস্থানের চেয়ে দেশের ক্রিকেটের সুনাম সবার আগে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত