রূপায়ণ সিটি উত্তরা-বিওয়াইডি’র ইলেকট্রিক গাড়ির এক্সক্লুসিভ শোকেস শুরু

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ১১:৫৬ এএম

রাজধানীর উত্তরায় রূপায়ণ সিটি উত্তরা ও বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল ব্র্যান্ড বিওয়াইডির যৌথ উদ্যোগে ইলেকট্রিক গাড়ির এক্সক্লুসিভ শোকেস ও টেস্ট ড্রাইভ ইভেন্ট শুরু হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে রূপায়ণ সিটি উত্তরা’র রূপায়ণ স্কাইভিলা অ্যাভিনিউ রোডে আনুষ্ঠানিকভাবে এই ইভেন্টের কার্যক্রম শুরু হয়। দুই দিনব্যাপী এই আয়োজন চলবে আজ শনিবার পর্যন্ত, প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।

ইভেন্টে বিওয়াইডির মোট তিনটি ইলেকট্রিক গাড়ি প্রদর্শনীতে রাখা হয়েছে। এর মধ্যে বাংলাদেশের বাজারে প্রথমবারের মতো উন্মোচিত নতুন মডেল বিওয়াইডি সিলিয়ন-৫, পাশাপাশি প্রদর্শিত হচ্ছে বিওয়াইডি সিলিয়ন-৬ ও বিওয়াইডি অ্যাটো-৩। এছাড়া দর্শনার্থীদের সরাসরি অভিজ্ঞতা দেওয়ার জন্য একটি ইলেকট্রিক গাড়ি টেস্ট ড্রাইভের জন্য রাখা হয়েছে।

শোকেসে আগত দর্শনার্থীরা বিওয়াইডির আধুনিক প্রযুক্তির ইলেকট্রিক গাড়িগুলো কাছ থেকে দেখার পাশাপাশি টেস্ট ড্রাইভের মাধ্যমে এর পারফরম্যান্স, আরাম ও প্রযুক্তিগত সুবিধা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা নিতে পারছেন।

এই আয়োজনে রূপায়ণ সিটি উত্তরা’র বাসিন্দাদের পাশাপাশি সম্ভাব্য ক্রেতা ও ইলেকট্রিক ভেহিকেলে আগ্রহী সাধারণ দর্শনার্থীদের অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। একই সঙ্গে থাকছে রূপায়ণ সিটি উত্তরা’র চলমান ও আসন্ন আবাসিক প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য জানার সুযোগ এবং বিশেষ বুকিং অফার।

সংশ্লিষ্টরা বলছেন, রূপায়ণ সিটি উত্তরা ও বিওয়াইডি’র এই যৌথ উদ্যোগ দেশের ইলেকট্রিক ভেহিকেল শিল্পের প্রসার এবং আধুনিক, পরিবেশবান্ধব নগর জীবনের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত