প্রায় দুই দশক পরে ফেনীতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রবিবার (২৫ জানুয়ারি) দুপুর ২টায় ফেনী সরকারি কলেজ মাঠে বিএনপি’র উদ্যোগে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি। সদ্য প্রয়াত মা বেগম খালেদা জিয়ার স্মৃতি বিজড়িত পিতৃভূমি ফেনীর মানুষ তারেক রহমানের আপনজন। শুধু নির্বাচনী প্রচারণা নয়, মায়ের এলাকার মানুষকে একপলক দেখতে শত ব্যস্ততার মাঝেও ফেনী ছুটে আসছেন তিনি। বিএনপির ভোট ব্যাংক হিসেবে পরিচিত ফেনী জেলা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আবেগ অনুভূতির জায়গা।
এর আগে সর্বশেষ তিনি ২০০৬ সালে ছাগলনাইয়ায় শিল্পপতি এমএ কাশেমের ছেলে তারেক রহমান-এর স্মরণে স্মৃতি বৃত্তি অনুষ্ঠানে যোগ দিতে ফেনী আসেন। দীর্ঘ ২০ বছর পর আবারো নানার বাড়ি ফেনীতে আসছেন তিনি।
তারেক রহমানের আগমনে ফেনী জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা এ জনসভাকে স্মরণীয় করে রাখতে চাইছেন। ১৬ লাখ জনসংখ্যা অধ্যুষিত এ জেলায় তারেক রহমানের জনসভায় কয়েক লাখ নেতাকর্মী, সাধারণ ভোটার ও আপামর জনসাধারণ উপস্থিত থাকবে।
ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার বলেন, তারেক রহমানের আগমন উপলক্ষে ফেনীতে সাজ সাজ রব বিরাজ করছে। দলমত নির্বিশেষে লাখ লাখ নেতাকর্মী এ জনসভায় আসবে বলে তিনি নিশ্চিত করেন। এ উপলক্ষে তৃণমূলে ব্যাপক কাজ করছে ফেনী জেলা বিএনপি ও সকল শাখা সংগঠনের নেতাকর্মীরা।
শুধু ফেনী নয়, তারেক রহমানের আগমনে ফেনীর আশপাশের জেলা বিশেষ করে নোয়াখালি ও লক্ষীপুর থেকে হাজার, হাজার লোকের সমাগম ঘটবে। এ জনসভায় ফেনী, নোয়াখালী ও লক্ষীপুরের ১৩ জন এমপি প্রার্থীকে ভোটারদের সাথে পরিচয় করিয়ে দেবেন তারেক রহমান।
ফেনী জেলায় বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের আগমনে নতুন উচ্ছ্বাস দেখা দিয়েছে। দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরতে থাকা তার আগমনে তৃণমূল ও বিএনপির নেতাকর্মীরা উৎসাহ ও উদ্দীপনায় মেতে উঠেছেন। ফেনী পাইলট মাঠে সরেজমিনে দেখা গেছে, দূর-দূরান্ত থেকে নেতাকর্মীরা সকাল থেকে জনসভা ও তারেক রহমানের আগমনের প্রস্তুতি জানতে ভিড় করছেন।
ফেনীর মানুষ তারেক রহমানকে প্রত্যাশিত নেতা হিসেবে দেখছেন, আর দীর্ঘদিন নির্যাতনের শিকার বিএনপি নেতাকর্মীরা ধানের শীষ ও তারেক রহমানকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবার আশাবাদ ব্যক্ত করেছেন। ফেনী পৌর বিএনপি’র সদস্য সচিব এডভোকেট মেজবাহ উদ্দিন ভূঞা বলেন, পুরো ফেনীবাসী আগ্রহের সঙ্গে তার বক্তব্য শুনার অপেক্ষায় আছেন। জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল জানিয়েছেন, জনসভা সম্পন্ন করার জন্য প্যান্ডেল নির্মাণসহ সব প্রস্তুতি শেষ করা হয়েছে এবং লাখ লাখ লোকের সমাগম ঘটবে আশা করা যাচ্ছে।
ফেনী জেলা পুলিশ সুপার মোঃ শফিকুল ইসলাম জানান, তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে এবং সকল সদস্যকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।
