ফরিদপুরের ভাঙ্গায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ০২:৩৬ পিএম

‎ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস ও ইটভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন। এতে যাত্রীবাহী বাসের কমপক্ষে ২০ জন যাত্রী আহত হয়েছেন। ‎শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের নওপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. হেলাল উদ্দিন। 

‎ভাঙ্গা হাইওয়ে থানা সূত্রে জানা যায়, ফরিদপুর থেকে ভাঙ্গামুখী ইটবোঝাই একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে হলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই ট্রাকের হেলপার নিহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর ট্রাকের চালক নিহত হন। 

সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন, ট্রাক চালক নবীন সেখ এবং হেলপার মো. রাশেদ। এদের উভয়ের বাড়ি ফরিদপুর শহরতলীর সিএমবি ঘাট এলাকায়। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন কমপক্ষে ৮ জন বাসযাত্রী। তাদের সবাইকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। এছাড়া প্রাথমিক চিকিৎসা নিয়েছেন ১২ জন বাসযাত্রী।

‎ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. আকতার হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। এছাড়া প্রায় ২০ জন আহত যাত্রী ভর্তি হয়েছেন। এরমধ্যে ৮ জন গুরুতর আহত রোগীকে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ফরিদপুর স্থানান্তর করা হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. হেলাল উদ্দিন জানান,  ফরিদপুর থেকে ভাঙ্গামুখী ইটবোঝাই একটি ট্রাকেরসঙ্গে  যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে হলে এ দুর্ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে অংশ নেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত দুইজন নিহত এবং কমপক্ষে ১৫ থেকে ২০ জন আহত হয়েছে। আহতদের ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত