বার্সার প্রেসিডেন্ট নির্বাচিত হলে প্রথমেই মেসিকে ফোন করবেন ফন্ট

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ০৫:০৫ পিএম

এমএলএস চ্যাম্পিয়ন ইন্টার মায়ামির হয়ে শনিবার প্রাক মৌসুম প্রথম প্রস্তুতি খেলতে পেরুর লিমায় আলিয়ানজা লিমার বিপক্ষে খেলতে নামছেন লিওনেল মেসি। তার সাবেক ক্লাব বার্সেলোনার প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে নাম এসেছে তার। আগামী ১৫ মার্চ বার্সেলোনার নির্বাচনের শক্তিশালী প্রার্থী ভিক্টর ফন্ট ঘোষণা দিয়েছেন, নির্বাচনে জয়ী হলে তাঁর প্রথম কাজ হবে ক্লাবের সাবেক তারকা লিওনেল মেসির সঙ্গে যোগাযোগ করা।

কাতালান ব্যবসায়ী ভিক্টর ফন্ট স্পষ্ট করে জানিয়েছেন, মেসিকে বার্সেলোনায় ফেরানোর উদ্যোগ তাঁর জন্য ‘সম্পূর্ণ অগ্রাধিকার’। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি যদি নির্বাচনে জিতি, আমার প্রথম কাজ হবে লিওনেল মেসিকে ফোন করা। তাঁর সঙ্গে সরাসরি বা পরোক্ষভাবে যোগাযোগের পথ আমার জানা আছে। ক্লাবের সবচেয়ে বড় কিংবদন্তিদের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন করাই আমার প্রধান লক্ষ্য।’

বার্সেলোনার ইতিহাসে সর্বকালের সেরা ফুটবলার হিসেবে বিবেচিত মেসি ক্লাবটির হয়ে গড়েছেন অসংখ্য রেকর্ড। সর্বোচ্চ ৬৭২ গোল, ৩৫টি শিরোপা—এর মধ্যে রয়েছে চারটি চ্যাম্পিয়নস লিগ ও তিনটি ক্লাব বিশ্বকাপ। এ ছাড়া অফিশিয়াল ম্যাচে ২৬৯টি অ্যাসিস্টসহ প্রায় সব গুরুত্বপূর্ণ ব্যক্তিগত রেকর্ডই তাঁর দখলে। ভিক্টর ফন্ট বলেন, ‘মেসিই আমাদের ইতিহাস। আমরা নির্বাচনে জিতলে তাঁকে আমাদের পরিকল্পনার কথা জানাব। ক্লাবে তাঁর যে মর্যাদা পাওয়ার কথা, সেটিই নিশ্চিত করতে চাই।’

২০২১ সালের মাঝামাঝি আর্থিক সংকটের কারণে বার্সেলোনা ছাড়তে বাধ্য হন মেসি। প্যারিস সেন্ট জার্মেইতে যোগ দেওয়ার সেই বিদায় আজও বার্সা সমর্থকদের মনে গভীর ক্ষত হয়ে আছে। এই বিষয়ে বর্তমান সভাপতি হোয়ান লাপোর্তার কঠোর সমালোচনা করেছেন ভিক্টর ফন্ট। তাঁর ভাষায়, ‘মেসি শুধু একজন খেলোয়াড় নন। তাঁর তিনটি দিক আছে—খেলাধুলা, অর্থনৈতিক ও বাণিজ্যিক, এবং প্রাতিষ্ঠানিক। ইতিহাসের সেরা খেলোয়াড় ও বার্সেলোনার মধ্যে এই কৌশলগত সম্পর্ক হারানো সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় ক্ষতিগুলোর একটি।’

ভিক্টর ফন্ট আরও বলেন, ‘যত দ্রুত সম্ভব খেলাধুলা, বাণিজ্যিক ও প্রাতিষ্ঠানিক—এই তিন স্তম্ভে সম্পর্ক পুনর্গঠন করা দরকার।’ তবে তিনি এটাও স্বীকার করেন, মেসির বার্সেলোনায় ফেরা সহজ নয়।

বার্সেলোনা নির্বাচনে ভিক্টর ফন্টের প্রচারণা

বর্তমানে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার ক্লাব ইন্টার মায়ামিতে খেলছেন মেসি। গত বছরের অক্টোবরে তিনি ক্লাবটির সঙ্গে ২০২৮ সালের ডিসেম্বর পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন। সবকিছু মিলিয়ে ধারণা করা হচ্ছে, খেলোয়াড়ি ক্যারিয়ারের শেষ অধ্যায় তিনি যুক্তরাষ্ট্রেই কাটাতে পারেন। যদিও এক সাক্ষাৎকারে মেসি জানিয়েছেন, অবসর নেওয়ার পর পরিবারসহ বার্সেলোনায় ফিরে থাকার ইচ্ছা তাঁর রয়েছে।

বার্সেলোনার সভাপতি নির্বাচনের প্রচারে মেসিকে ঘিরে ফন্টের এই অবস্থান নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। নির্বাচনের ফলাফলই বলে দেবে, মেসিকে ঘিরে বার্সেলোনার ভবিষ্যৎ পরিকল্পনা কোন পথে এগোয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত