গাজীপুরের কালিগঞ্জে ব্যতিক্রমী প্রচারণায় ভোটারদের মন জয়ের চেষ্টা করেছেন গাজীপুর-৫ (কালিগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এ কে এম ফজলুল হক মিলন।
শনিবার (২৪ জানুয়ারি) রাতে একটি পূজা অনুষ্ঠানে মঞ্চে উঠে সস্ত্রীক গান গেয়ে উপস্থিত নেতাকর্মী ও দর্শকদের নজর কাড়েন তিনি।
জানা গেছে, কালিগঞ্জ উপজেলার তুমুলিয়া ইউনিয়নের দারকাভাঙা যুব সংঘের আয়োজনে সরস্বতী পূজা উপলক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ কে এম ফজলুল হক মিলন। এ সময় তার সঙ্গে মঞ্চে ছিলেন স্ত্রী শম্পা হক।
গান পরিবেশনের সময় স্ত্রী শম্পা হক নিঃশব্দে ঠোঁট মিলিয়ে স্বামীকে উৎসাহ দিতে থাকেন। শীতের রাতে ভাঙা ভাঙা কণ্ঠে গান গাইলেও তার পরিবেশনায় মুগ্ধ হয়ে উপস্থিত নেতাকর্মীরা স্লোগান ও হাততালির মাধ্যমে প্রশংসা করেন।
এই গানের একটি ভিডিও নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন ফজলুল হক মিলন। পোস্ট দেওয়ার প্রথম এক ঘণ্টার মধ্যেই ভিডিওটি ৪৪১টি লাইক, ৫৯টি কমেন্ট এবং ৬৫টি শেয়ার পায়।
ভিডিওটির কমেন্টে গানের ভূয়সী প্রশংসা করেছেন নেটিজেনরা। বকুল হোসেন নামে একজন মন্তব্য করেন, ‘আমি একদিন গাড়িতে খালি গলায় লিডারের গান শুনেছি— সত্যিই দারুণ লেগেছিল। সাউন্ড সিস্টেম ভালো থাকলে গানটা আরও ভালো লাগত। তবুও সব সীমাবদ্ধতার মাঝেও লিডারের পরিবেশন প্রশংসনীয়।’
তিনি আরও লেখেন, ‘লিডার, আপনি একজন অলরাউন্ডার। আপনার জন্য রইল আন্তরিক শুভকামনা ও ভালোবাসা।’
বিশিষ্ট অভিনেতা ও বিএনপি নেতা আশরাফ হোসেন টুলু কমেন্টে লেখেন, ‘লিডার, অবশেষে সংগীত শিল্পী? নিশ্চয়ই এদেশে শিল্প-সাহিত্যের বিকাশ ঘটবে— সেই প্রত্যাশা করছি।’
এ ছাড়া অনেকেই কমেন্টে ‘অসাধারণ গান’, ‘দারুণ হয়েছে’— এমন প্রশংসাসূচক মন্তব্য করেছেন।
এ বিষয়ে অনুভূতি জানতে এ কে এম ফজলুল হক মিলনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন কেটে দেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ (কালিগঞ্জ) আসনে মোট সাতজন প্রার্থী বিভিন্ন প্রতীক নিয়ে মাঠে প্রচারণা চালাচ্ছেন। বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলনসহ সাত প্রার্থীই বর্তমানে প্রচারণায় সক্রিয় রয়েছেন।
