পাটগ্রামে সীমান্তে মানবপাচারকারীসহ তিনজন আটক

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ০৭:৫৫ এএম

লালমনিরহাটের পাটগ্রামে সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার সময় এক মানবপাচারকারীসহ তিনজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়ন সূত্র জানায়, গত শুক্রবার রাত আনুমানিক ৮টার দিকে বাংলাদেশ-ভারত সীমান্তের ডিএএমপি-১ প্রধান পিলার ও উপ-পিলার ৮-এর কাছে এ ঘটনা ঘটে। দহগ্রামের আঙ্গরপোতা বিজিবি ক্যাম্পের একটি টহল দল দহগ্রামের মিস্ত্রিপাড়া সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় পাঁচ গজ বাংলাদেশের ভেতরে অভিযান চালিয়ে তাদের আটক করে। আটক ব্যক্তিরা হলেনÑ পাটগ্রাম পৌরসভার বেংকান্দা এলাকার মানবপাচারকারী সুজন দাস (৩০), হাতীবান্ধা উপজেলার পুরাতন কাচারি গাওচুল্কা এলাকার হেমন্ত দাস (২৫) এবং শিশু বলরাম রায় (১২)।

বিজিবি জানায়, একটি মানবপাচারকারী চক্রের মাধ্যমে ৩০ হাজার টাকার বিনিময়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চুক্তি করা হয়েছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুজন দাস পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং আরও পাঁচজন পলাতক পাচারকারীর নাম প্রকাশ করেন। তারা হলেনÑ দহগ্রামের আঙ্গরপোতা এলাকার জাহিনুর রহমান (৩০), শাকিরুল ইসলাম (২৮), নুরুজ্জামান (৪০), বেলাল হোসেন (৩০) ও শুভ (২৫)।

এ ঘটনায় আঙ্গরপোতা বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার আখেরুজ্জ ামান বাদী হয়ে মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা করেন। পরে আটক তিনজনকে পাটগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম আলদীন বলেন, সীমান্তেনজরদারি আরও জোরদার করা হয়েছে। অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।

পাটগ্রাম থানার ওসি নাজমুল হক জানান, গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে আটক আসামিদের পুলিশ প্রহরায় লালমনিরহাট আদালতে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত