নাহিদ ইসলাম

১২ ফেব্রুয়ারি হবে চাঁদাবাজ-দখলবাজদের শেষদিন

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ১২:৪৭ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে চাঁদাবাজ, সন্ত্রাস ও দখলবাজদের শেষ দিন হিসেবে উল্লেখ করেছেন ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

রবিবার (২৫ জানুয়ারি) সকালে রাজধানীর বাড্ডার সাতারকুলের বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারণাকালে তিনি এ মন্তব্য করেন।

লেভেলে প্লেয়িং ফিল্ড নেই মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, একটি পক্ষ কর্মী-সমর্থকদের ভয়ভীতি দেখানোর চেষ্টা করছে। কিন্তু তাতে সফল হচ্ছে না। চাঁদাবাজ-সন্ত্রাস ও দখলবাজদের শেষদিন হবে ১২ ফেব্রুয়ারি।

এ সময় এলাকার সমস্যা ও সংকটগুলো তুলে ধরে সমাধানের আশ্বাস দেন তিনি। বলেন, এই নির্বাচন শুধু ক্ষমতা পরিবর্তন নয়, নতুন বাংলাদেশ গড়ার। ভোটাররাও বেশ সাড়া দিচ্ছেন।

ভোটারদের নির্বিঘ্নে ভোট দেয়ার আহ্বান জানিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, যাকেই ভোট দিন বিবেচনা করে দিবেন। কারণ এবারের ভোট বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবে।

তিনি বলেন, আপনারা যাতে কোনো কিছুর বিনিময়ে, কোনো সুবিধার বিনিময়ে বা কোনো মিথ্যা আশ্বাসে ভোট না দেন। আপনারা চিন্তাভাবনা করে যোগ্য প্রার্থীকে ভোট দিবেন-যিনি সত্যিকার অর্থেই আপনাদের এলাকার এবং দেশের পরিবর্তন করতে সক্ষম।

প্রচারণার সময় শাপলা কলিতে ভোট দেয়ার পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়ারও আহবান জানান নাহিদ ইসলাম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত