তিন অভিযোগ নিয়ে সিইসির সঙ্গে বৈঠকে এবি পার্টি

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ০৪:৫৮ পিএম

নির্বাচনী প্রচারণায় বাধা, কর্মীদের ওপর অতর্কিত হামলা এবং স্থানীয় প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল।

রবিবার (২৫ জানুয়ারি) বিকাল ৪টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হয়। এবি পার্টির পক্ষ থেকে বৈঠকে লিখিত অভিযোগপত্র তুলে দেওয়া হয়।

লিখিত অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ফেনী-২, পটুয়াখালী-১, বরিশাল-৩, কুমিল্লা-৫ ও সুনামগঞ্জ-৩-এই পাঁচটি আসনে এবি পার্টি জোটগতভাবে প্রতিদ্বন্দ্বিতা করছে। দলের দাবি, নির্বাচনি তফসিল ঘোষণার পর থেকে প্রার্থীরা চরম বৈরী পরিস্থিতির শিকার হচ্ছেন। বিশেষ করে বরিশাল-৩ আসনে প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিষ্ক্রিয় ও হতাশাজনক বলে দলটি মন্তব্য করে।

এতে আরও বলা হয়, বরিশাল-৩ আসনের প্রার্থী ব্যারিস্টার ফুয়াদের কার্যক্রমে ধারাবাহিকভাবে বাধা সৃষ্টি করা হচ্ছে। গত ২৩ জানুয়ারি মুলাদী পৌরসভার চরটেকি এলাকায় তার পক্ষে প্রচারণার সময় দলটির স্থানীয় নেতা-কর্মীদের ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় মুলাদী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও এখনও হামলাকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়।

এবি পার্টি নির্বাচন কমিশনের কাছে নির্বাচনি আচরণবিধি কঠোরভাবে প্রয়োগ, হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনা এবং প্রার্থীদের নিরাপত্তা ও নির্বিঘ্নে প্রচারণার পরিবেশ নিশ্চিত করার দাবি জানায়।

সিইসির সঙ্গে এবি পার্টির পাঁচ সদস্যের প্রতিনিধি দল এ বৈঠকে অংশ নেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত