স্কোয়াড ঘোষণা করলেও বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিশ্চিত নয়

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ০৫:৫১ পিএম

আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে স্কোয়াড প্রকাশের পরও টুর্নামেন্টে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা পুরোপুরি কাটেনি। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, এ বিষয়ে শেষ সিদ্ধান্ত নেবে দেশটির সরকার।

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের পর এর আগে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ বয়কটের ইঙ্গিত দিয়েছিলেন। নিরাপত্তাজনিত কারণে ভারতে যেতে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশকে বাদ দেয় আইসিসি। সেই ঘটনার পর পাকিস্তানের অংশগ্রহণ নিয়েও প্রশ্ন ওঠে।

যদিও দল ঘোষণার মাধ্যমে বোঝা যাচ্ছে, বিশ্বকাপে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান, তবে বিষয়টি এখনো পুরোপুরি নিশ্চিত নয়। স্কোয়াড ঘোষণা উপলক্ষে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পিসিবির হাই পারফরম্যান্স ডিরেক্টর ও নির্বাচক কমিটির সদস্য আকিব জাভেদ, টি–টোয়েন্টি অধিনায়ক সালমান আলী আগা এবং সাদা–বল দলের প্রধান কোচ মাইকেল জেমস হেসন।

সংবাদ সম্মেলনে আকিব জাভেদ স্পষ্ট করে জানান, দল নির্বাচন করা নির্বাচকদের দায়িত্ব হলেও বিশ্বকাপে অংশগ্রহণের সিদ্ধান্ত তাদের হাতে নেই। তাঁর ভাষায়, “আমরা নির্ধারিত সময়ের খুব কাছাকাছি এসে স্কোয়াড ঘোষণা করেছি। তবে পাকিস্তান বিশ্বকাপে খেলবে কি না, সেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার। চেয়ারম্যানও একই কথা বলেছেন। তাই আমরা সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আছি।”

বাংলাদেশ ইস্যুর পর মহসিন নাকভি জানিয়েছিলেন, জাতীয় দলের বিশ্বকাপ অংশগ্রহণ নিয়ে পাকিস্তান সরকারই শেষ কথা বলবে। উল্লেখ্য, এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের গ্রুপ পর্বের সব ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা শ্রীলঙ্কায়।

এ ছাড়া আগের একটি ত্রিপক্ষীয় চুক্তির আওতায় ২০২৭ সাল পর্যন্ত ভারত ও পাকিস্তানের মধ্যকার সব আন্তর্জাতিক ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের সিদ্ধান্ত রয়েছে, যেখানে আইসিসি, বিসিসিআই ও পিসিবি সম্মত হয়েছে।

সব মিলিয়ে স্কোয়াড ঘোষণা হলেও পাকিস্তানের বিশ্বকাপ যাত্রা এখনো প্রশাসনিক ও রাজনৈতিক সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত