বৃহস্পতিবার ২০ বছর পর নওগাঁ আসছেন তারেক রহমান

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ০৯:৫৬ পিএম

দীর্ঘ ২০ বছর পর নওগাঁয় আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামী বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নওগাঁ শহরের ঐতিহ্যবাহী এ-টিম মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।

সমাবেশকে ঘিরে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সমাবেশ সফল করতে নওগাঁ সদরসহ জেলার বিভিন্ন উপজেলায় প্রস্তুতি সভা ও প্রচারণা চালানো হচ্ছে। নেতাদের আশা, এ সমাবেশে অন্তত ১০ লাখ মানুষের সমাগম হবে।

তারেক রহমানের নওগাঁ আগমন উপলক্ষে রবিবার (২৫ জানুয়ারি) বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহিন শওকতের নেতৃত্বে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা সমাবেশস্থল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে নওগাঁ শহরের এ-টিম মাঠকে সমাবেশের স্থান হিসেবে চূড়ান্তভাবে নির্ধারণ করা হয়।

এদিন বিকেলে নওগাঁ শহরের একটি হোটেল মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে সমাবেশের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেন অ্যাডভোকেট সৈয়দ শাহিন শওকত। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আগামী ২৯ জানুয়ারি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রাজশাহী, নওগাঁ ও বগুড়া জেলা সফর করবেন। এ সফরে তিনি নওগাঁর এ-টিম মাঠে নির্বাচনী জনসভায় অংশ নিয়ে বক্তব্য রাখবেন।

তিনি আরও বলেন, তার আগমন উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তাসহ সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হবে। সমাবেশে তিনি এই এলাকার বিএনপি মনোনীত প্রার্থীদের জনগণের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন এবং জনগণের সামনে দলের রাজনৈতিক অঙ্গীকার ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন। আমরা আশা করছি, সমাবেশটি শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক নুরে আলম মিঠু ও শফিউল আজম রানা, নওগাঁ-১ আসনের প্রার্থী মোস্তাফিজুর রহমান, নওগাঁ-২ আসনের প্রার্থী শামসুজ্জোহা খান, নওগাঁ-৩ আসনের প্রার্থী ফজলে হুদা বাবুল, নওগাঁ-৪ আসনের প্রার্থী ডা. ইকরামুর বারী টিপু, নওগাঁ-৫ আসনের প্রার্থী জাহিদুল ইসলাম, নওগাঁ-৬ আসনের প্রার্থী শেখ রেজাউল ইসলামসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন বলেন, নওগাঁয় আগেও অনেক সমাবেশ হয়েছে, তবে এবারের সমাবেশ হবে ব্যতিক্রম। দীর্ঘদিন পর তারেক রহমান সরাসরি নওগাঁর মানুষের সঙ্গে কথা বলবেন—এ কারণে সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। এটি কোনো একক দলের কর্মসূচি নয়, এটি একটি জনসম্পৃক্ত আয়োজন। আমরা আশা করছি, এই সমাবেশে অন্তত ১০ লাখ মানুষের সমাগম হবে।

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর-ই-আলম মিঠু বলেন, তারেক রহমানের এই সফর কেবল রাজনৈতিক কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ নয়। বরং এটি জনগণের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। দীর্ঘদিন পর তাঁর আগমন সাধারণ মানুষের মাঝেও আলাদা আবেগ ও আগ্রহ সৃষ্টি করেছে।

দলীয় সূত্রে জানা গেছে, সর্বশেষ ২০০৬ সালে তারেক রহমান নওগাঁ সফরে এসেছিলেন। সে সময় তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন। চলতি বছরের ৯ জানুয়ারি তাকে দলের চেয়ারম্যান ঘোষণা করা হয়। ফলে দলের প্রধান হিসেবে এবারই প্রথম নওগাঁয় আসছেন তিনি। সে হিসেবে দীর্ঘ ২০ বছর পর নওগাঁয় বড় কোনো সমাবেশে বক্তব্য দিতে যাচ্ছেন তারেক রহমান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত