গাইবান্ধার গোবিন্দগঞ্জে আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন ৩ পুলিশ কর্মকর্তাসহ ৫ জন। রবিবার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের বাগদাহ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ৫ জনের ৪ জনকে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।
তারা হলেন— গোবিন্দগঞ্জ থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) শিবলি কায়েস মির, এসআই সেলিম রেজা, এসআই মোমিনুল ইসলাম ও পুলিশ সদস্য হোসেন।
স্থানীয়রা জানান, গ্রেপ্তার আতঙ্কে লাপাত্তা উপজেলার কাটাবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জোবায়ের হাসান শফিক মাহমুদ গোলাপ।
গোলাপ বাগদাহ এলাকার মৃত জুলফিকার মহমুদ খসরুল ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক পদে নিযুক্ত আছেন।
পুলিশ জানায়, চেয়ারম্যান গোলাপ দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর হঠাৎ বাড়িতে অবস্থান নেন। এ খবর পেয়ে গ্রেপ্তারের জন্য তার বাড়িতে যায় পুলিশের একটি দল।
এ সময় পুলিশকে দেখে স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে ওঠ। এক পর্যায়ে তারা লাঠি সোডা নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এ সময় পুলিশের একটি মোটরসাইকের ভাঙচুরের ঘটনা ঘটে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হলে তারা পালিয়ে যায়। পরে ভাঙচুর হওয়া মোটরসাইকেলটি থানায় নিয়ে আসা হয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানান এই পুলিশ কর্মকর্তা।
