কোন বিশৃঙ্খলা বরদাশত করবো না: জেলা রিটার্নিং কর্মকর্তা 

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ০৪:০৭ পিএম

নারায়ণগঞ্জ জেলার রিটার্নিং কর্মকর্তা রায়হান কবির বলেছেন, আপনারা সকলে আমাদের চোখে সমান। দুর্বল ও সবল বলে আমাদের চোখে কিছু নেই। আমাদের কাছে সকল প্রার্থী এক সমান। 

সোমবার (২৬ জানুয়ারি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রতিদ্বন্দ্বী সব প্রার্থীকে নিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। 

সভায় নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রচারণা, ভোটকেন্দ্রের নিরাপত্তা এবং আচরণবিধি প্রতিপালন নিয়ে আলোচনা করা হয়। 

রিটার্নিং কর্মকর্তা বলেন, আপনাদের অভিযোগ থাকলে ম্যাজিস্ট্রেটকে জানাবেন। তার পক্ষে সম্ভব হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। আপনাদের প্রতিটি আসনে একজন করে ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটির সদস্য যিনি একজন বিচারক, তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। তারা ইতিমধ্যে জানিয়েছে লিখিত অভিযোগ জানাতে। যদি কোন প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করে তাদের বিরুদ্ধে আপনারা লিখিত অভিযোগ করবেন। ঘটনা ঘটে গেলে যে ব্যবস্থা নেওয়া হবে না এমন না। আপনারা অভিযোগ করবেন। 

নির্বাচনী আইন লঙ্ঘন করে নির্বাচিত হয়ে গেলেও এটা প্রমাণিত হলে সেই পদ বাতিল করার ক্ষমতা নির্বাচন কমিশনের আছে। আমরা এই সব আইন প্রয়োগ করে একটি গণতান্ত্রিক গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই।  

আমরা প্রয়োজনে সকল আইন প্রয়োগ করবো। যিনি নির্বাচন করবেন তিনি যেন সকলের প্রতি সহনশীল আচরণ করেন। আমরা কোন বিশৃঙ্খলা বরদাশত করবো না। 

প্রার্থী একা অথবা নির্বাচনী এজেন্ট নিয়ে ঢুকবেন। এখানে প্রচারণা বা ভোট চাইতে পারবেন না। আপনি ভোটের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারবেন। 

তিনি আরো বলেন, আপনাদের আপত্তি থাকলে অভিযোগ থাকলে আপনারা জানাবেন। নিজেরা এগুলো সমাধান করতে যাইয়েন না। এতে অনাকাঙ্কিত ঘটনা ঘটতে পারে। আপনারা অভিযোগ দিবেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নিবে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. আসাদুর রহমানের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন আড়াইহাজারের আর্মি ক্যাম্পের অধিনায়ক লে. কর্নেল যুবায়ের আলম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) তাসমিন আক্তার, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন, আনসার ভিডিপির জেলা কমান্ডেন কানিজ ফারজানা শান্তা প্রমুখ। 

সভায় বিএনপির প্রার্থী নজরুল ইসলাম আজাদ, স্বতন্ত্র আতাউর রহমান আঙ্গুর ও জামায়াত প্রার্থী অধ্যাপক ইলিয়াস মোল্লাসহ ৭ জন প্রার্থী উপস্থিত ছিলেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত